যে নায়িকার সঙ্গে কাজ করার লোভ ছিল সিয়ামের!

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০৭:৩০ পিএম

চয়নিকা চৌধুরী প্রথমবারের মতো সিনেমা বানাচ্ছেন। খবরটি বেশ আগেই জানাজানি হয়ে গেলেও তার ছবিতে নায়ক-নায়িকা কে থাকছেন তা জানাননি। বিষয়টি চমক হিসেবেই রেখে দিয়েছিলেন। সেই চমকের অবসান ঘটানোর জন্য তিনি বেছে নেন জাতীয় চলচ্চিত্র দিবসের দিন। ৩ এপ্রিল চয়নিকা চৌধুরী ঘোষণা করেন তার নায়ক-নায়িকা ও কলাকুশলীদের নাম।

রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনে নিজের প্রথম ছবি ‘বিশ্ব সুন্দরীর ঘোষণা দেন তিনি। পরিচয় করিয়ে দেন ছবির নায়ক নায়িকাকেও। উপস্থাপক রুম্মান রশিদ খান একে একে ছবির কলাকুশলীদের ডেকে নিচ্ছিলেন মঞ্চে। কলাকুশলীরা নিজেদের অনুভূতিও তুলে ধরছিলেন। তবে কিছুটা রাখঢাক রাখছিলেন আয়োজকেরা। চমক দেওয়ার লক্ষ্যে উপস্থাপকও বেশ কৌশলের সঙ্গেই ঘোষণা করছিলেন একেকটি নাম। সেই ধারাবাহিকতায় মঞ্চে ডেকে নেওয়া হয় ছবির নায়ক সিয়ামকে।  

কাজী নজরুলের কবিতার পঙ্‌ক্তি আওড়িয়ে সিয়াম তার বক্তব্য শুরু করেন, ‘পৃথিবীতে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর/ অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর- কবিতার এই পঙতির সুরে মিল রেখে আমিও বলতে চাই পৃথিবীর সুন্দরীদের পেছনে রয়েছেন পুরষরাই, তারাই সুন্দরীদের সুন্দরী বানায়। নারীর সফলতার পেছনে পুরুষদের অবদান অনেক।’

চয়নিকা চৌধুরীর সঙ্গে কাজ করতে পারা সৌভাগ্যের বলে উল্লেখ করে সিয়াম বলেন, ‘দিদির নাটক করার পর থেকে আমার বাবা মা আমার নাটক দেখা শুরু করেন। তার ছবিতে কাজ করতে যাচ্ছি। আমি সত্যিই সৌভাগ্যবান।’

এদিকে তখনো নায়িকার নাম ঘোষণা না হলেও সিয়াম মুখ ফসকে বলে ফেলেন নায়িকার নাম। সিয়াম বলেন, ‘পরী মনির সঙ্গে এবারই প্রথম কাজ করতে যাচ্ছি।’ কথাটা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই হেসে ফেলেন। সিয়ামও নিজের ভুল ধরতে পেরে উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয় দেন। সঙ্গে সঙ্গে সিয়াম বলেন, ‘আপনারা যে কারণে হাসছেন সেটা আমি জানি। তবে আপনারা যে নাম শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন-সেই আকাঙ্ক্ষাটা কিছুটা কমিয়ে দিলাম।’

এদিকে সিয়াম জানালেন এক নায়িকার সঙ্গে কাজ করার লোভ তার দীর্ঘদিনের। কিন্তু সেই নায়িকা কে? সিয়াম অনুষ্ঠানস্থলেই সেই নায়িকার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘এই ফিল্মে অভিনয় করার পেছনে আমার একটা লোভ ছিল। আর সেটা হচ্ছে সুবর্ণা মোস্তফা আপার সঙ্গে কাজ করতে পারা। আমার সেই স্বপ্ন এই ছবির মাধ্যমে পূরণ হচ্ছে।’

উল্লেখ্য ‘বিশ্বসুন্দরী’ ছবির গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখছেন রুম্মান রশিদ খান। এতে আরও অভিনয় করবেন মুনীরা মিঠু, আনন্দ খালেদসহ অনেকেই। ছবিটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত