বিস্কুট ও রুটিশিল্পের টেকসই প্রসারে একটি নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের নেতারা। সংগঠনের পক্ষ থেকে এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ে প্রয়োজনীয় সুপারিশ পাঠানো হয়েছে বলে তারা জানান।
বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের নেতারা গতকাল বৃহস্পতিবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে তারা বলেন, নীতিমালা চূড়ান্ত হলে খাদ্যশিল্পের গুণগতমান উন্নয়নের পাশাপাশি এ খাতে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে।
বৈঠকে সংগঠনের সভাপতি মো. শফিকুর রহমান ভূঁইয়া, উপদেষ্টা শরীফ এম আফজাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. জামাল রাজ্জাক, মোবারক আলী, মো. নাজিম উদ্দিন, মাজহারুল হাসান খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় নিরাপদ খাদ্যশিল্প খাত গড়ে তোলা, বিস্কুট ও রুটিশিল্পের গুণগত মানোন্নয়ন, পণ্য বৈচিত্র্যকরণ, রপ্তানি বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন ব্র্যান্ডের রুটি ও বিস্কুটের নাম নকল করে প্রায় একই কিংবা কাছাকাছি নামে ট্রেডমার্ক নিবন্ধন সংগ্রহ করে নি¤œমানের খাদ্যপণ্য বাজারজাত হচ্ছে। এতে মূল উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সে সঙ্গে ভোক্তারাও প্রতারিত হচ্ছেন। ট্রেডমার্ক নিবন্ধন ও পণ্য বাজারজাতকরণের অনুমতি দেওয়ার ক্ষেত্রে পরীক্ষার জন্য ডিপিডিটি এবং বিএসটিআইর প্রতি নির্দেশনা দিতে শিল্পমন্ত্রীকে অনুরোধ করেন নেতারা।
শিল্পমন্ত্রী বলেন, পরিবেশবান্ধব কারখানা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। খাদ্যের গুণগতমানের ক্ষেত্রে সরকার কোনো রকম ছাড় দেবে না। জনপ্রিয় ব্র্যান্ডের খাদ্যপণ্য নকলের অসাধু প্রবণতারোধে শিল্প মন্ত্রণালয় কঠোর অবস্থান নেবে।
তিনি স্থানীয় বাজারের পাশাপাশি রপ্তানির সুযোগ কাজে লাগাতে বাংলাদেশে বিশ্বমানের খাদ্যশিল্প গড়ে তোলার পরামর্শ দেন। একই সঙ্গে হালাল খাদ্যের রপ্তানি বাড়াতে হালাল সার্টিফিকেশন সম্পন্ন ব্রেড, বিস্কুটসহ অন্যান্য খাদ্যপণ্য উৎপাদনের তাগিদ দেন শিল্পমন্ত্রী।
