তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দাবি করেছেন, সংসদের বাইরে থেকে বিএনপি টিভি-রেডিও সংবাদপত্রে যে প্রচার পায়, ক্ষমতায় থেকেও আওয়ামী লীগ তা পায় না। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও দাবি করেন, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে; গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে।
দারুস সালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) পরিচালিত চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ বিষয়ক দুটি ডিপ্লোমা কোর্স সমাপনী ও সনদ বিতরণের ওই অনুষ্ঠান হয়। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- টিভিতে নাকি তাদের এক-দুই সেকেন্ডের বেশি দেখানো হয় না। অথচ এ কথাটিই তিনি টিভিতে প্রায় এক মিনিট ধরে বলেছেন। তারা প্রায় প্রতিদিনই দুবার করে গণমাধ্যমে কথা বলেন, প্রেস ব্রিফিং করেন। আর বলেন যে, তাদের কথা বলতে দেওয়া হয় না। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, বিএনপির নেতাদের বক্তব্য শুনে মনে হয়, তারা চিকিৎসকদের চেয়েও বেশি জানেন। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা যে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তা দুঃখজনক। এই হাঁটুর ব্যথা নতুন নয়, এরপরও খালেদা জিয়ার সুস্থতার জন্য সরকার অত্যন্ত আন্তরিক।
অনুষ্ঠানে বিসিটিআইর ডিপ্লোমা শিক্ষার্থীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের সময় তা সমাজের ওপর কী প্রভাব ফেলবে তা সবার আগে বিবেচনায় আনতে হবে। মনে রাখতে হবে, ভৌত বা বস্তুগত উন্নয়নের পাশাপাশি আত্মিক ও মানবিকবোধের উন্নয়নের মাধ্যমেই সম্ভব জাতির উন্নয়ন।
বিসিটিআইর প্রধান নির্বাহী ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি তথ্য সচিব আবদুল মালেক, এনআইএমসির মহাপরিচালক শাহিন ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ম. হামিদ প্রমুখ।
