আবার যদি সুপারহিরো চরিত্রে অভিনয়ের সুযোগ আসে আপত্তি করবেন না টবি ম্যাগুয়ের। ব্লকবাস্টার ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজির এ অভিনেতা হলিউড রিপোর্টারকে বলেন, যে কোনো কিছুই সম্ভব।
জনপ্রিয় এ তারকাকে ২০১৪ সালের পর আর পর্দায় দেখা যায়নি। এ সময়ের মধ্যে বেশ কিছু সিনেমা প্রযোজনা করেছেন টবি। নিজের প্রতিষ্ঠান ম্যাটেরিয়াল পিকচার্স নিয়ে ব্যস্ত এ অভিনেতা বলেন, “করব কি করব না এমন মনোভাব আমার মধ্যে নেই।”
টবির পর ‘স্পাইডার-ম্যান’ সিরিজে পা গলান অ্যান্ড্রু গরফিল্ড ও টম হল্যান্ড। তিনি জানান, এই দুই অভিনেতাই মেধাবী। তারা মার্ভেল কমিকসের চরিত্রটিতে ভালো করেছেন।
এই অভিনেতার ‘স্পাইডার-ম্যান’ সিনেমাগুলো মুক্তি পায় যথাক্রমে ২০০২, ২০০৪ ও ২০০৭ সালে। পরিচালনা করেন স্যাম রাইমি। প্রথম দুটি ছবি সমালোচকেরা খুবই পছন্দ করেন। তবে তৃতীয়টি মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও বরাবরের মতো বক্স অফিসে সফল।
এরপর অ্যান্ড্রু গরফিল্ড করেন ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’ (২০১২) ও এর সিক্যুয়েল (২০১৪)। পরবর্তী স্পাইডি চরিত্রে টম হল্যান্ডকে প্রথম দেখা যায় ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়াল’ (২০১৬)।
২০১৭ সালে একক সিনেমা ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’-এর পরের বছর টম দেখা দেন ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এ। চলতি মাসে মুক্তি পেতে যাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এও থাকছেন তিনি। এরপর ৫ জুলাই মুক্তি পাবে একক ছবি ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’।
