লঞ্চ সংকটে চালু হয়নি লক্ষ্মীপুর-ঢাকা নৌপথ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১০:১৭ পিএম

লঞ্চ সংকটে এখনো চালু হয়নি লক্ষ্মীপুর-ঢাকা নৌপথ। গত ৩ মার্চ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষ লক্ষ্মীপুর শহরের অদূরে মজু চৌধুরীর ঘাট থেকে লঞ্চ চলাচলের অনুমোদন দিয়ে ৩১ মার্চ পর্যন্ত বোগদাদীয়া-৮ নামে একটি লঞ্চ চলাচলের সময়সূচিও নির্ধারণ করে। কিন্তু এখন পর্যন্ত লঞ্চটির যাত্রা শুরু হয়নি।

লক্ষ্মীপুর-ঢাকা পথে লঞ্চ চালুর দাবি দীর্ঘদিনের। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা বিভিন্ন সময় এ দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি। লক্ষ্মীপুর মহিলা কলেজের শিক্ষার্থী সানজানা বিনতে ছায়েদ বলেন, বারবার আশ্বাস আর অনুমোদনের পরও লঞ্চ চলছে না। ঢাকা-লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিসকে শনির দশায় পেয়েছে বলে তিনি মন্তব্য করেন। নাম প্রকাশ না করার শর্তে আরও কয়েকজন বলেন, একটি মহল চাচ্ছেন না এ পথে লঞ্চ সার্ভিস চালু হোক। বাস ও সড়কে চলাচলরত বিভিন্ন গাড়ির মালিকরা ষড়যন্ত্র করছেন লঞ্চ সার্ভিসটি যেন বন্ধ থাকে।

এ ব্যাপারে ‘ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই’ পরিষদের আহ্বায়ক আবদুস সাত্তার পলোয়ান বলেন, লঞ্চ সার্ভিস চালুর জন্য বিভিন্ন সময় জেলাবাসীকে নিয়ে মানববন্ধন, পোস্টার, লিফলেট বিতরণ ও স্মারকলিপিসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে নৌপরিবহন কর্র্তৃপক্ষ এই পথে লঞ্চ চালুর অনুমোদন দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ রুটে লঞ্চ চলাচল না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বোগদাদীয়া লঞ্চের সুপারভাইজার আবদুর রহিম বলেন, এই রুটে চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বোগদাদীয়া-৮ নামে একটি বিলাসবহুল লঞ্চ। কিন্তু স্থানীয় সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল লঞ্চটি উদ্বোধনের সময় না দেওয়ায় যাত্রা শুরু করতে পারছে না।

অভিযোগটি অস্বীকার করে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেন, নিজেদের সমস্যার কারণে যথাসময়ে বোগদাদীয়া-৮ লঞ্চটির যাত্রা শুরু করতে পারেনি মালিকপক্ষ। আর এখন দোষ চাপাচ্ছে সংসদ সদস্যদের ওপর। তিনি বলেন, ‘লঞ্চটির যাত্রা শুরুর জন্য যখনই সাংসদকে প্রয়োজন মনে করবে মালিকপক্ষ, তখনই আমি উপস্থিত হব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত