শ্রীমঙ্গলে পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের ফেরাতে সব চেষ্টা চলছে

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০১:৪১ এএম

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরাতে সব ধরনের চেষ্টা চালাচ্ছে সরকার। গতকাল শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দুই দিনের ছুটি কাটাতে গতকাল বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে নিয়ে সেখানে যান তিনি।

মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফেরত যায়, তার জন্য সব ধরনের তৎপরতা চালাচ্ছি এবং রোহিঙ্গারা তাদের এলাকা ছেড়ে যেন অন্য কোথাও না যায়, সে জন্য আমরা যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। বড় বিষয় হচ্ছে যে, রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যাবে। তা ছাড়া এত রোহিঙ্গা আমাদের দেশে আছে, এদের খাবার কীভাবে  দেব? আগে বিভিন্ন দেশ সাহায্য দিত। সেটির পরিমাণও কমে গেছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরত আনার বিষয়ে আবদুল মোমেন বলেন, ‘লন্ডনে পলাতক তারেক জিয়াসহ বিভিন্ন দেশে পলাতক, সাজাপ্রাপ্ত আসামিদের স্বদেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তারেক জিয়ার ব্যাপারে যুক্তরাজ্যের সঙ্গে কথা চলছে। শুধু তারেক নয়, যতজন দণ্ডিত হয়েছে, আমাদের কোর্ট যাদের বিরুদ্ধে রায় দিয়েছে সবাইকে স্বদেশে ফিরিয়ে আনতে চাই। তাদের দেশে অনেকগুলো লিগ্যাল প্রসেস (আইনি প্রক্রিয়া) আছে। প্রসেসগুলো শেষ হলে আশা করা যায়, দণ্ডিত লোকগুলোকে তারা দেশে ফিরিয়ে দেবে।’

গতকাল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শ্রীমঙ্গলে নেওয়া হয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, মধ্যপ্রাচ্য এবং সার্কভুক্ত দেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ৩৮টি দেশের রাষ্ট্রদূত ও ৭টি আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত