ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের পঞ্চম ম্যাচেও হারতে হলো রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। গতকাল কলকাতা নাইট রাইডার্স ৫ উইকেটে হারিয়েছে ব্যাঙ্গালোরকে। আগে ব্যাট করে ৩ উইকেটে ২০৫ রান তোলে ব্যাঙ্গালোর। জবাব দিতে নেমে আন্দ্রে রাসেলের ১৩ বলে ৪৮ রানের ঝড়ো ব্যাটিংয়ে পাঁচ বল বাকি থাকতে জয় পায় কলকাতা।
ওভারপ্রতি রানরেট ১০-এর ওপর টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানে সুনিল নারিনের (১০) উইকেট হারায় কলকাতা। ক্রিস লিন ও রবিন উথাপ্পা দ্বিতীয় উইকেটে তোলেন ৬৫ রান। ৩৩ রানে ফেরেন উথাপ্পা। দলীয় ১০৮ রানে লিন (৪৩) ফিরে গেলে তখনো খেলায় ছিল কলকাতা। কিন্তু নিতেশ রানা (৩৭) ও দিনেশ কার্তিক (১৯) দ্রুত ফিরলে চাপে পড়ে কলকাতা। শেষ তিন ওভারে ৫৩ রান দরকার ছিল তাদের। ১৮তম ওভারে ২৩ রান নেন রাসেল ও শুভমান গিল, যাতে গিলের অবদান মাত্র ১ রান। ১৯তম ওভারে প্রথম বলে ১ রান নিয়ে রাসেলকে স্ট্রাইক দেন গিল। ওভারের বাকি পাঁচ বলে কিউই পেসার টিম সাউদিকে ৪ ছক্কা ও ১ চার মেরে স্কোর সমান করেন ক্যারিবীয় অলরাউন্ডার। শেষ পর্যন্ত ৭ ছক্কা ও ১ চারে ৪৮ রান করে কলকাতার তৃতীয় জয় নিশ্চিত করেন ম্যাচসেরা রাসেল।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে ৬৪ রান তোলেন পার্থিব প্যাটেল ও বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে কোহলির সঙ্গে ১০৮ রানের জুটি গড়েন এবি ডি ভিলিয়ার্স। তাদের জুটি ভাঙে কোহলি (৮৪) ফিরে গেলে। অধিনায়কের ৪৯ বলের ইনিংসে ছিল ৯ চার ও ২ ছক্কা। ডি ভিলিয়ার্স আউট হন ৩২ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে। ৫ চার ও ৪টি ছক্কা ছিল প্রোটিয়া ব্যাটসম্যানের ইনিংসে। শেষে মার্কোস স্টয়নিসের ১৩ বলে ২৮ রানের ঝড়ো ব্যাটিংয়ে ২০০ পেরোয় ব্যাঙ্গালোর।
