বিয়ে করতে যাচ্ছেন ‘ফিফটি শেডস অব গ্রে’ নায়িকা

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ০১:০৫ পিএম

হলিউড তারকা ডাকোটা জনসন বিয়ে করতে যাচ্ছেন। প্রেমিক গায়ক ক্রিস মার্টিনের সঙ্গে শিগগিরই তার বাগদান হতে যাচ্ছে। এর পরপর তারা বিয়ে দিনক্ষণ ঘোষণা করবেন।

ই! নিউজকে একটি সূত্র জানায়, নিজেদের সম্পর্ককে গুরুত্বের সঙ্গে দেখছেন সিনেমা ও সংগীত জগতের দুই তারকা। তাই এগিয়ে যাচ্ছেন পরিণয়ের দিকে।

বছর খানেক ধরে প্রেম করছেন ডাকোটা ও ক্রিস। ইতিমধ্যে ‘ফিফটি শেডস অব গ্রে’ নায়িকার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন গায়ক। অন্যদিকে ক্রিসের সাবেক স্ত্রী অভিনেত্রী গিনেথ পালট্রো ও দুই সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক ডাকোটার।

ওই প্রতিবেদনে বলা হয়, ডাকোটার বিখ্যাত বাবা-মা ডন জনসন ও মেলানি গ্রিফিথের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন ক্রিস। সমুদ্র সৈকত ও পার্টিতে আড্ডা দিতে দেখা যায় তাদের।

সব মিলিয়ে পারস্পরিক বোঝাপড়ার জন্য অনেকটা সময় পেয়েছেন ২৯ বছরের ডাকোটা জনসন ও ৪২ বছর বয়সী ক্রিস মার্টিন।

সূত্রটি আরও জানায়, ম্যালিবুতে অনেকটা নিরিবিলিতে থাকছেন তারা। সেখানে তারা ভালোই আছেন। ডাকোটা সিনেমার শুটিং থেকে ফুসরত পেলেই চলে আসেন এখানে।

মাঝে মাঝে সেখানে দুই সন্তান অ্যাপল মার্টিন (১৪) ও মোজেস মার্টিনকে (১২) নিয়ে চলে আসেন ‘আয়রন ম্যান’ তারকা গিনেথ।

২০১৬ সালের জুলাইয়ের ক্রিস ও গিনেথের বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয়। এ নায়িকা গত বছর বিয়ে করেছেন আমেরিকান টেলিভিশন লেখক ব্র্যাড ফালচুককে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত