চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইসহাক আলীকে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার নাচোল-নওগাঁ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
কলেজের অধ্যক্ষ ইসহাক আলীকে গ্রেপ্তারের খবর পেয়ে শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন। সাড়ে ১০ টার দিকে বাস স্ট্যান্ড বাজারে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে তারা। প্রায় দেড় ঘণ্টা ধরে এই কর্মসূচি চলে। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দু’ ধারে বহু যান আটকা পড়ে।
পরে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে কলেজ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। তারা কলেজ অধ্যক্ষের মুক্তি দাবি করেন।
বৃহস্পতিবার রাতে নাচোল উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু’র উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় শুক্রবার রাতে ইসাহাক আলীকে গ্রেপ্তার করা হয়।
নাচোল থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, ইসাহাক আলী বাবু’র দায়ের করা মামলার ১২ নম্বর আসামি। ওই মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
