খালেদা জিয়ার অবস্থা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০২:২২ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল পরিচালক ডা. ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা উন্নতির দিকে জানালেও তা মানতে রাজি নন দলটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ।

গত সোমবার দুপুরে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে আনা হয় দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে। হাসপাতাল পরিচালক মাহবুবুল গতকাল শনিবার সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালোর দিকে। আগের চেয়ে তার অবস্থার উন্নতি হচ্ছে। তবে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাব-এর সাবেক মহাসচিব জাহিদ দেশ রূপান্তরকে বলেন, ‘চেয়ারপারসনের শরীর ভালো না। তার ডায়াবেটিস এখনো নিয়ন্ত্রণে আসেনি। আজ শনিবার তার থেরাপি দেওয়ার কথা ছিল। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া হয়নি।’ তবে মাহবুবুল হক বলেন, হাসপাতালে আসার পর থেকেই সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যদের দেওয়া ওষুধ তিনি নিয়মিত খাচ্ছেন, তার ভালো ঘুমও হচ্ছে। তবে খালেদা জিয়ার ডায়াবেটিস এখনো নিয়ন্ত্রণে আসেনি। এ জন্য সময় লাগবে।’ তিনি বলেন, গত শুক্রবার ছুটির দিন থাকায় মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়াকে দেখতে পারেননি। গত বৃহস্পতিবার পর্যন্ত তাকে  মেডিকেল বোর্ড দেখেছেন, তিনি ভালো ছিলেন। তিনি ওষুধ খাচ্ছেন, তার অবস্থার উন্নতি হচ্ছে।

বিএসএমএমইউ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক মো. জিলন মিঞা সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত