প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় একটি থাকা উচিত। এক মন্ত্রণালয়ের মধ্যেই বিভিন্ন স্তরের জন্য বিভাগ থাকতে পারে। গতকাল শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ন্যাশনাল কনসালটেশন অন এসডিজি স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে ভাবে আয়োজন করে বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযান ও ইউনেস্কো। এতে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী।
সচিব সোহরাব হোসাইন বলেন, ‘আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক শিক্ষা স্তর। কারণ প্রাথমিক স্তর শিক্ষার্থীর ভিত্তি স্থাপন করে। ভিত্তি ঠিক না থাকলে উচ্চ পর্যায় টিকে থাকতে পারে না। তাই প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, শিক্ষার জন্য একটা মন্ত্রণালয় হওয়া উচিত। একটি মন্ত্রণালয়ের অধীনে একাধিক বিভাগ থাকতে পারে।’
অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর কারিগরি ও মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলেন।
