সংসারে ভাঙনের কোনো সুর নেই, যা আছে তার সবটাই ভালোবাসার বন্ধন-এ কথা প্রমাণ করতে প্রিয়াঙ্কা চোপড়া যেন উঠেপড়ে লেগেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ‘সাংসারিক’ ছবি পোস্ট করে যাচ্ছেন।
একটি মার্কিন ম্যাগাজিনে বিচ্ছেদ সম্ভাবনার খবর প্রকাশিত হওয়ার পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন প্রিয়াঙ্কা। ওই ঘটনার পর জোনাস ভাইদের অনুষ্ঠানে যাওয়ার ছবি পোস্ট করেন। আটলান্টার অনুষ্ঠানে মঞ্চে যখন নিক, সে সময় দর্শকাসনে বসে প্রিয়াঙ্কার উৎসাহ দেওয়ার ভিডিও ভাইরাল হয়।
এ বার নিকের বোন এবং ভাইয়ের স্ত্রীর সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন সাবেক বিশ্বসুন্দরী।
নিক-প্রিয়াঙ্কার বিচ্ছেদের জল্পনার সময় শোনা গিয়েছিল নিকের পরিবারের সদস্যরা নাকি প্রিয়াঙ্কার আচরণে একেবারেই খুশি নন। সকলে ভেবেছিলেন, প্রিয়াঙ্কা গুছিয়ে সংসার করবেন। কিন্তু তা নয়, নায়িকা নাকি শুধু পার্টি করতেই ব্যস্ত থাকেন। পাশাপাশি নিকের হয়ে যে কোনও সিদ্ধান্ত তিনিই নেন। এতে নিকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছিল বলেও শোনা যাচ্ছিল।
ম্যাগাজিনের এসব উড়ো খবর যে গুজব, তা প্রিয়াঙ্কা বোঝাচ্ছেন অন্তর্জালে।
