আবাহনীকে অল্প রানে গুটিয়ে দিয়ে কাজটা সহজ করে রেখেছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের বোলাররা। ছোট লক্ষ্য তাড়ায় খুব বেগ পেতে হয়নি তাদের। সহজ জয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দলটি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার আবাহনীকে ৬ উইকেটে হারায় রূপগঞ্জ। জয়ের ১২৩ রানের জবাবে মাত্র ২৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৫ রান করে নাঈম ইসলামের দল।
রূপগঞ্জকে দারুণ শুরু এনে দেন মেহেদি মারুফ ও মোহাম্মদ নাঈম। ৬২ রানের এই জুটিতে ফাটল ধরান আবাহনীর মোহাম্মদ সাইফউদ্দিন। তার বলে উইকেট ছাড়া হন ২০ বলে ২২ রান করা নাঈম।
উইকেটের একপ্রান্ত আগলে রাখেন মারুফ। দ্বিতীয় উইকেটে মমিনুল হকের (১৭) সঙ্গে গড়েন ৪৫ রানের জুটি। দলকে জয়ের দোরগোড়ায় রেখে উইকেট ছাড়া হন মারুফ। এর আগে ৮৫ বলে সাত চার ও এক ছক্কায় ৫৯ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান।
এর আগে ৩৯.১ ওভারে মাত্র ১২২ রানে গুঁড়িয়ে যায় আবাহনী। অপরাজিত থেকে ৮৮ বলে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। অন্যদের মধ্যে মোহাম্মদ মিথুন (৩৮), মাশরাফী বিন মোর্ত্তজা (১৫) ও সৌম্য সরকার (১৪) ছাড়া কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
রূপগঞ্জের বোলারদের মধ্যে ৩৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন পেসার শুভাশিস রায়। দুটি করে উইকেট নেন মোহাম্মদ শহীদ ও নাবিল সামাদ।
এই জয়ে দশ ম্যাচ খেলে নয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে রূপগঞ্জ। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে আবাহনী।
