ঢাকা লিগে ফিরছেন মোস্তাফিজ

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০৬:১৭ পিএম

একবারই মাত্র ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। ২০১৪ সালে যেবার খেলেছিলেন, তারকা দ্যুতির ছিটেফোঁটাও তখন তার গায়ে লাগেনি। সেই মোস্তাফিজ পরের বছর আবির্ভাবের সময় থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য সময় পার করেছেন। কিন্তু দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে আর খেলা হয়নি তার।

অবশেষে ঢাকা লিগে মোস্তাফিজকে দেখার অপেক্ষাটা ফুরোচ্ছে। সব ঠিক থাকলে সোমবারই প্রিমিয়ার লিগে খেলতে নামবেন কাটার মাস্টার খ্যাত এই বোলার। ড্রাফটে এবার তাকে পেয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। দলটির হয়ে সোমবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামার কথা মোস্তাফিজের।

আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবের মতো প্রিমিয়ার লিগেও মোস্তাফিজের পথ চলাটা হয়েছিল দারুণ। আবাহনী লিমিটেডের হয়ে কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে লিস্ট ‘এ’ অভিষেকেই নিয়েছিলেন ৫ উইকেট।

তবে পরের বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর নানা কারণেই মোস্তাফিজের খেলা হয়নি ঢাকা লিগে। কখনো আইপিএলের ব্যস্ততা বা চোট তাকে বাইরে রেখেছিল আসর থেকে। মোস্তাফিজ নিজেও কি ঢাকা লিগে ফিরতে মুখিয়ে ছিলেন?

সামনেই বিশ্বকাপ। নিউ জিল্যান্ড সফর থেকে ফেরার পর ব্যাট বল থেকে একরকম ‍দূরেই ছিলেন মোস্তাফিজ। এর মধ্যে অবশ্য জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। বিয়ে করেছেন মামাতো বোন সামিয়া পারভিন শিমুকে।

সব মিলে বেশ কিছুদিন বিশ্রাম আর অবকাশের পর এখন মাঠে ফেরার তাড়া অনুভব করছেন মোস্তাফিজ। তাই প্রিমিয়ার লিগে খেলে ঝালিয়ে নিতে চাচ্ছেন নিজেকে। রোববার তাই মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করলেন শাইন পুকুর ক্রিকেট ক্লাবের হয়ে।

মোস্তাফিজকে পেয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবটিও উজ্জীবিত। দলটি সুপার লিগের লড়াইয়ে বেশ ভালোভাবেই টিক আছে। এখন মোস্তাফিজকে পেলে সুপার লিগে খেলা তাদের জন্য কষ্ট সাধ্য কিছু হওয়ার কথা নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত