সুপার লিগে দোলেশ্বর

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০৭:৩৭ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগ নিশ্চিত করেছে প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব। রোববার পাকিস্তানি তারকা সাদ নাসিমের বোলিং তোপে উত্তরা স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে ফরহাদ রেজার নেতৃত্বাধীন দল।

ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে উত্তরা স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারায় দোলেশ্বর। টস হেরে আগে ব্যাট করে ১৬০ রানে গুটিয়ে গিয়েছিল উত্তরা। জবাবে ১১.৫ ওভার বাকি থাকতেই মাত্র ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে দোলেশ্বর।

১০ ম্যাচে ৭ জয়ে এখন ১৪ পয়েন্ট দোলেশ্বরের। এর আগে সুপার লিগ নিশ্চিত করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

উত্তরার ইনিংসে প্রথম আঘাতটি হেনেছিলেন আরাফাত সানি। ফেরান ওপেনার আনিসুল ইসলাম ইমনকে (৮)। পরে আরেক ওপেনার তানজিদ হাসান (২৬) ও সানাজ আহমেদ (২২) রান আউট হয়ে ফেরেন। তাতে ৭২ রানে ৩ উইকেট হারায় উত্তরা।

এরপর পাকিস্তানি অলরাউন্ডারের তোপ। লেগ স্পিন ভেলকিতে নিলেন চার উইকেট। ফেরান শাখির হোসেন (১), মোহাইমিনুল খান (১৮), মিনহাজ খান (১৯) ও শেখ হ‌ুমায়ূনকে (৭)। তাতে উত্তরার ব্যাটিং মেরুদণ্ড এক রকম ভেঙে ‍যায়।

তবে মিনহাজুল আবেদীনের লড়াকু ৩৬ রানে দেড় শ পার করতে পারে উত্তরা। সাদ নাসিমের ৪ উইকেট ছাড়াও ২ উইকেট নিয়েছেন মাহমুদুল হাসান।

জবাব দিতে নেমে ফরহাদ হোসেন ও মার্শাল আইয়ুবের ফিফটিতে জয় নিশ্চিত করে দোলেশ্বর। তিনে নেমে ফরহাদ ৯৬ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। মার্শাল আইয়ুব ৭৫ বলে করেন ৫৪ রান। এ ছাড়া ২৬ রান এসেছে সাইফ হাসানের ব্যাট থেকে।

উত্তরার পক্ষে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন সাজ্জাদ হোসেন। ম্যাচসেরা হয়েছেন দোলেশ্বরের সাদ নাসিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত