এসিড কারখানা বন্ধের দাবিতে গতকাল রবিবার কালিয়াকৈরের জামালপুর চৌরাস্তা মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। এ সময় তারা গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন।
স্থানীয় বাসিন্দা হাজি মাইনুদ্দিন জানান, ১৫ বছর আগে মৌচাক চা বাগান-ফুলবাড়িয়া সড়কের পাশে গুড উইল বেসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে একটি কারখানা গড়ে ওঠে। এরপর থেকে তারা ওই কারখানায় বিষাক্ত কেমিক্যাল উৎপাদন করতে থাকে। কেমিক্যালের ঝাঁঝালো গন্ধে এলাকার মানুষ রাস্তায় হাঁটাচলা এমনকি ঘরে থাকতে পারে না। গন্ধে শ্বাস বন্ধ হয়ে আসে। অনেকে জ্ঞান হারিয়ে ফেলে। আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া ব্যাহত হয়। এলাকার গাছপালা মরে যাচ্ছে। জমিতে ফসল ফলছে না।
স্থানীয়রা জানায়, এ বিষাক্ত এসিড কারখানাটি বন্ধের জন্য স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বারবার জানানো হলেও কারখানাটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে তারা কারখানাটি বন্ধের দাবি জানান। এ বিষয়ে কারখানা কর্র্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কারখানাটি বন্ধ থাকায় কাউকে পাওয়া যায়নি।
মানববন্ধনে এলাকার মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এমইএইচ আরিফ ইনস্টিটিউট, জামালপুর ক্যামব্রিয়ান স্কুল, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিল।
×
