আগামী কয়েক মাসের মধ্যে ১৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। গতকাল রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর এই সভা আয়োজন করে। জাহিদ মালেক বলেন, আগামী দুই মাসের মধ্যে আমরা প্রায় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দিতে সক্ষম হব। এর কিছুদিন পরই আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। দ্রুতই দেশে দেড়শ নতুন ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) স্থাপনের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের
প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এখন ৬০ শতাংশ সেবা দেওয়া হয় প্রাইভেট হাসপাতালগুলোতে জানিয়ে তিনি তাদের চার্জ কমানোর আহ্বান জানান।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
