মধ্যপ্রাচ্যে সহিংসতার জন্য দায়ী যুক্তরাষ্ট্র : পোপ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০১:১০ এএম

মধ্যপ্রাচ্যে সহিংসতার জন্য ইউরোপ এবং যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। পশ্চিমা দেশগুলো যুদ্ধক্ষেত্রগুলোতে অস্ত্র বিক্রি করে সহিংসতা উসকে দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। গতকাল রবিবার ভ্যাটিকান সিটির সান কার্লো প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের সামনে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।

তিনি বলেন, সিরিয়া, ইয়েমেন ও আফগান যুদ্ধে অগণিত শিশুর মৃত্যুর  দায় ইউরোপ-আমেরিকাকেই নিতে হবে। ধনী রাষ্ট্রগুলো অস্ত্র বিক্রির জন্য যুদ্ধকে উৎসাহিত করছে। যুদ্ধের ফলে প্রতিদিন অগণিত শিশু মারা যাচ্ছে। হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এর পূর্ণ দায় ইউরোপ ও যুক্তরাষ্ট্রের।

তিনি আরও বলেন, ‘অস্ত্র বিক্রির জন্য ইউরোপের দেশগুলো মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধিয়ে রেখেছে। এসব দেশ অস্ত্র উৎপাদন ও বিক্রি করায় অসংখ্য শিশুর মৃত্যু ও প্রত্যেকটি পরিবার নিঃশেষ হয়ে যাচ্ছে।

এ সময় পোপ ফ্রান্সিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী বিরোধী মনোভাব ও মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার সমালোচনা করেন। তিনি বলেন, যেসব নেতা অভিবাসীদের ঠেকাতে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি এবং প্রাচীর নির্মাণ করেন, তাদের নিজেদেরই এমন প্রাচীরে আবদ্ধ থাকতে হবে। যুদ্ধের কারণে নিজ দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নেওয়া অভিবাসীদের করুণ পরিণতির জন্য দুঃখ প্রকাশ করেন পোপ ফ্রান্সিস।

ইতালির সমাজে অপরাধ প্রবণতা নিয়ে তিনি বলেন, ‘ইতালিতে অভ্যন্তরীণ সহিংসতার কারণ শুধু বিদেশিরা নয়। আমাদেরও অনেক দায় আছে এ নিয়ে। নাইজেরিয়ানরা মাফিয়া তৈরি করেনি। মাফিয়া আমাদের সৃষ্টি। অভিবাসীরা আমাদের ধনী করেছে। কারণ ইউরোপ সৃষ্টি হয়েছে অভিবাসীদের হাত ধরে। উত্তর আফ্রিকা এবং অন্যান্য দেশ থেকে আগত অভিবাসীরাই আমেরিকার সংস্কৃতিতে বৈচিত্র্য এনেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত