অগ্নিকাণ্ডে যাতে আর কোনো প্রাণহানি না ঘটে, সে জন্য সবাইকে নিয়ে সমাধানের পথ খুঁজতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। গতকাল রবিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে উদ্বিগ্ন নাগরিক সমাজের ব্যানারে ‘অগ্নিনিরাপত্তা ও আইনের প্রয়োগ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘একটি জীবনের মূল্যও তো কম নয়, সেখানে আমরা একশর মতো মানুষ হারিয়েছি। শতাধিক জীবনের বিনিময়ে আমরা কিছু শিক্ষা অর্জন করেছি। সেই শিক্ষা কাজে লাগিয়ে যেন আমরা আমাদের দায়িত্ব বুঝে নিই। বিতর্ক তৈরির চেষ্টা না করে সমাধানের পথ যেন আমরা সবাই মিলে খুঁজি।’
ড. কামাল বলেন, ‘সমাজের প্রত্যেক মানুষেরই নিজ নিজ জায়গা থেকে কিছু না কিছু করার আছে। যারা সরকারে আছেন, তাদের দায়িত্ব বেশি। সমস্যা হবে, তবে সেই সমস্যার সমাধানও আছে। সমাধানের সেই পথটা যেন আমরা সবাই মিলে খুঁজি। এ দেশে আগুনে পুড়ে আর একজন নাগরিকও যেন মারা না যান সেই উপলব্ধি যেন আমাদের সবার মধ্যে তৈরি হয়।’
মূল প্রবন্ধ উপস্থাপন ও সভা সঞ্চালনা করেন প্রকৌশলী হাসমত উজ্জামান। অন্যদের মধ্যে গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, মহসীন রশীদ, জগলুল হায়দার আফ্রিক ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বক্তব্য দেন।
×
