রাজধানীতে ধর্ষণের শিকার এক এসএসসি পরীক্ষার্থী সাহায্য চাইতে গিয়ে পুলিশের এক কনস্টেবলের কাছে আবারও ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শাহবাগ ও যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার জয় ঘোষ (২৪) ও রাজারবাগ পুলিশ লাইনের প্রো-রক্ষা বিভাগের কনস্টেবল বাদল হোসেন (৩৪) কারাগারে রয়েছে। পুলিশ ও মেয়েটির স্বজনরা জানিয়েছে, মা-বাবার সঙ্গে সে ঢাকায় থাকে। ফেইসবুকে জয় ঘোষের সঙ্গে পরিচয়ের পর তার ঘনিষ্ঠতা হয়। গত ৩১ মার্চ শাহবাগ এলাকায় তাকে ধর্ষণ করে জয়। মেয়েটির মোবাইল ফোনে ধর্ষণের দৃশ্য ধারণও করে ওই তরুণ। পরে মেয়েটিকে মোবাইল ফোন না দিয়ে গুলিস্তান এলাকায় নামিয়ে দেয় জয়।
এরপর ওই কিশোরী ভয় পেয়ে কনস্টেবল বাদল হোসেনকে ঘটনাটি জানিয়ে সহায়তা চায়। বাদল তাকে মোবাইল ফোন উদ্ধারের আশ্বাস ও বাড়ি পৌঁছে দিতে চায়। পরে মেয়েটিকে যাত্রাবাড়ী এলাকার একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে সে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান দেশ রূপান্তরকে বলেন, আসামি জয় ধর্ষণের ঘটনায় গত ২ এপ্রিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ভুক্তভোগী ওই কিশোরীও ঘটনার বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দিয়েছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া প্রতিবেদনে শাহবাগ থানা পুলিশ বলেছে, আসামি জয় ঘোষের স্বভাব-চরিত্র ভালো না। প্রলোভন দেখিয়ে ওই কিশোরীর সঙ্গে সম্পর্ক করেছিল সে। অপর আসামি বাদল হোসেনও ওই কিশোরীকে ধর্ষণ করে।
যাত্রাবাড়ী থানার ওসি ওয়াজেদ আলী দেশ রূপান্তরকে বলেন, বাদল হোসেনকে গত বুধবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
×
