‘ড্র’ করে শিরোপার অপেক্ষা বাড়াল পিএসজি

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০৮:৪৮ এএম

স্ত্রাসবুরের বিপক্ষে ২-২ গোলে ‘ড্র’ করে আগেভাগে লিগ ১ শিরোপা জেতার সুযোগ হাতছাড়া করেছে পিএসজি। মৌসুমে ঘরের মাঠে এই প্রথম দলটি পয়েন্ট হারাল।

দিনের আগের ম্যাচে লিল ‘ড্র’ করায় পিএসজির সুযোগ ছিল এদিনই অষ্টম লিগ ১ শিরোপা ঘরে তোলার। এই ড্রয়ের পর ৩০ ম্যাচে ৮১ পয়েন্ট টমাস টুখেলের দলের ।

৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লিল। সামনের রোববার এই লিলের বিপক্ষে ‘ড্র’ করতে পারলেই শিরোপা উল্লাসে মাতবেন এমবাপে-কাভানিরা।

পিএসজি এদিন ম্যাচের ১৩ মিনিটের সময় এগিয়ে যায়। এরিক মাক্সিম চুপো-মোটিং দারুণ এক গোল করে ব্যবধান বাড়ান।

২৬তম মিনিটে ম্যাচে ফিরে আসে স্ত্রাসবুর। নুনো দা কস্তা গোলটি করেন। ১২ মিনিট বাদে পিএসজি পিছিয়েও পড়ে। মিডফিল্ডার অঁতনি দূরপাল্লার শটে জাল খুঁজে নেন।

সমতায় ফিরতে মরিয়া পিএসজি দ্বিতীয় গোল পায় ৮২তম মিনিটে। ইউলিয়ান ড্রাক্সলারের কর্নারে হেডে গোল করেন ডিফেন্ডার টিলো কেরার। 

পিএসজি এদিন এমবাপেকে বেঞ্চে রেখে মাঠে নামে। পরে বদলি হিসেবে নেমে কয়েকটি ঝলক দেখালেও গোল বের করতে পারেননি। ইনজুরির কারণে দলে ছিলেন না ডি মারিয়া, কাভানি এবং নেইমার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত