অনন্ত জলিলের টাকা নিয়ে চালক পলাতক, হিসাবরক্ষণ কর্মকর্তা আটক

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০৪:৫৩ পিএম

সাভারে অনন্ত জলিলের মালিকানাধীন তৈরি পোশাক কারখানার প্রায় ৫৭ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছেন ওই গাড়ি চালক শহীদ বিশ্বাস। এ ঘটনায় সাভার মডেল থানা লিখিত অভিযোগ দায়েরের পর কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা জহিরুল ইসলামকে আটক করা হলেও ঘটনার মূল হোতা গাড়ি চালক শহীদ বিশ্বাসকে আটক করতে পারেনি পুলিশ। এর আগে রবিবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় চিত্র নায়ক অনন্ত জলিলের মালিকানাধীন এজে আই গ্রুপ থেকে এ টাকা লুটের ঘটনা ঘটে।

কারখানাটির হেড অব এইচ আর এন্ড অ্যাডমিন জাহিদুল হাসান মির বলেন, রবিবার দুপুরে এজে আই গ্রুপের হিসাবরক্ষণ কর্মকর্তা জহিরুল ইসলাম ও গাড়ি চালক শহীদ বিশ্বাস রাজধানীর আদাবর এলাকায় কারখানার এক পরিচালকের বাসা থেকে গ্যাসের বিল দেয়ার জন্য ৫৭ লক্ষ টাকা নিয়ে প্রাইভেট কারে করে সাভারের হেমায়েতপুরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তীতে তারা হেমায়েতপুর শাখায় টাকা জমা না দিয়ে সাভারের থানা রোড এলাকার সোনালী ব্যাংকে আসেন। এ সময় হিসাব রক্ষক কর্মকর্তা গাড়িতে ৫৭ লক্ষ টাকা রেখেই সোনালী ব্যাংকে উঠলে গাড়ি চালক শহীদ বিশ্বাস কৌশলে প্রাইভেটকার রেখেই ৫৭ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে বিষয়টি হিসাবরক্ষণ কর্মকর্তা কারখানা কর্তৃপক্ষকে জানালে কারখানা কর্তৃপক্ষ সাভার মডেল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হিসাব রক্ষণ কর্মকর্তা জহিরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। পরে রাতেই হিসাব রক্ষণ কর্মকর্তা জহিরুল ইসলামকে প্রধান আসামি করে গাড়ি চালককে দ্বিতীয় আসামি করে কারখানা কর্তৃপক্ষ সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ‘টাকার চুরি ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে চুরি হওয়া টাকা উদ্ধার এবং গাড়ি চালককে আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

এদিকে টাকা চুরির ঘটনার পরপরই ভক্তদের সহায়তা চেয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, ‘অন্তত জলিল ফেসবুকে লেখে- 'আমার ভক্তদের কাছে আমি আজকে একটি সাহায্য চাচ্ছি। আপনারা সবাই জানেন ১৯৯৬ সাল থেকে সাভারের হেমায়েতপুরে অবস্থিত এ জে আই গ্রুপ সুনামের সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে । আজ (রোববার) আমার ফ্যাক্টরির এক ড্রাইভার মো. শহীদ মিয়া ৫৩ লাখ টাকা ফ্যাক্টরির গ্যাস বিল না দিয়ে টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। আমি তার যাবতীয় ইনফরমেশন শেয়ার করলাম। অলরেডি থানায় মামলা করা হয়েছে। যে এই প্রতারককে ধরিয়ে দিতে পারবে তাকে আমি অনন্ত জলিল নিজ হাতে পুরস্কৃত করব ইনশা আল্লাহ। অনুগ্রহপূর্বক শুধুমাত্র সংবাদদাতাই যোগাযোগ করবেন।'

উল্লেখ্য অন্তত জলিলের গাড়ি চালক মোহাম্মদ শহীদ বিশ্বাস রাজধানীর মোহাম্মদপুর হাউজিঙের বাসিন্দা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত