বৈশাখে আম পাতা-নারকেল পাতার বাঁশি

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১১:০২ পিএম

উচ্চশব্দের বিরক্তিকর ভুভুজেলা নয়; পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায়, মেলা-পার্বণে ফিরে আসুক কচি আম পাতার বাঁশি, নারকেল পাতার বাঁশি।  কয়েক বছর আগে বিশ্বকাপের সূত্র ধরে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ অন্য বড় শহরগুলোতেও ছড়িয়ে পড়ে প্লাস্টিকের তৈরি উচ্চশব্দের ভুভুজেলা নামক এক বিজাতীয় বাঁশি। প্রথমে স্টেডিয়াম পাড়ার খেলাধুলায় সীমিত থাকলেও ক্রমেই তা দেশের নানা মেলা-পার্বণ ও জনসমাগমের উৎসবে ছড়িয়ে পড়তে শুরু করে। এক শ্রেণির কিশোর-তরুণরা এর খপ্পরে পড়ে ভুভুজেলা নিয়ে নানারকম মহড়া দিতে শুরু করে। ভুভুজেলার উৎপাতে তিন বছর আগেই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাসহ অন্যান্য অনুষ্ঠানে তা বাজানো ও বহন করা নিষিদ্ধ ঘোষিত হয়। কিন্তু দুঃখজনক হচ্ছে এরপরও ভুভুজেলা উৎপাদন ও বিপণন বন্ধ হয়নি। বৈশাখের অনুষ্ঠানে বন্ধ হয়নি ভুভুজেলার উৎপাত। তাই ভুভুজেলা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ উদ্যোগ প্রয়োজন বলে মনে করছি। একইসঙ্গে নতুন প্রজন্মকে আহ্বান জানাচ্ছি, আপনারা বাংলা ও বাঙালির মহোৎসব পহেলা বৈশাখে চিরায়ত আম পাতার বাঁশি-নারকেল পাতার বাঁশি নিয়ে আসুন, শিশুদের উপহার দিন, আগামী প্রজন্মকে বাঙালির সবুজ ঐতিহ্যের চর্চায় উদ্বুদ্ধ করুন।

ওয়ারিস হাফিজ, রামপুরা, ঢাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত