এআই লেখা চিনতে ‘অদৃশ্য জলছাপ’ দিচ্ছে ক্লড

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০২:৩৭ এএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি লেখা ও ছবি শনাক্ত করতে অদৃশ্য মার্কার বা জলছাপ যুক্ত করার উদ্যোগ নিয়েছে ক্লড নির্মাতা অ্যানথ্রপিক। ইউরোপীয় ইউনিয়নের নতুন এআই আইনের অংশ হিসেবে এ ব্যবস্থা চালু করা হচ্ছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, এআই সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রযুক্তিতে তৈরি কনটেন্ট শনাক্তের সুযোগ রাখতে হবে।

অ্যানথ্রপিকের এই মার্কার লেখা ও ছবি দুই ক্ষেত্রেই ব্যবহার করা হবে। ‘ক্লড কোড’-এর মতো বিশেষ সেবাতেও এটি কার্যকর হবে। এআই-তৈরি ছবিতে অদৃশ্য ওয়াটারমার্ক ব্যবহারের বিষয়টি আগে থেকেই প্রচলিত। তবে ছবির ফরম্যাট পরিবর্তন বা স্ক্রিনশট নিলে অনেক সময় তা মুছে যেতে পারে। লেখার ক্ষেত্রে অ্যানথ্রপিক নির্দিষ্ট শব্দের ব্যবহারের হার গাণিতিকভাবে পরিবর্তন করে মার্কার শনাক্তের প্রযুক্তি ব্যবহার করতে পারে। এতে লেখার অর্থ, মান বা স্পষ্টতা পরিবর্তন হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে এই প্রযুক্তি নিয়ে উদ্বেগও রয়েছে। ব্যবহারকারীর লেখা শুধু সম্পাদনা বা পরিমার্জনের জন্য ক্লডে দেওয়া হলেও সেটিতে এআই মার্কার যুক্ত হতে পারে। অ্যানথ্রপিকও স্বীকার করেছে, মার্কার শনাক্ত হওয়া মানেই পুরো লেখাটি এআই দিয়ে তৈরি এমন নয়। আবার মার্কার না থাকলেও এআই ব্যবহৃত হয়নি, তা নিশ্চিত করা যায় না। অ্যানথ্রপিক জানিয়েছে, ২ আগস্টের পর প্রকাশিত বা আপডেট হওয়া মডেলগুলোতে প্রাথমিকভাবে এ ব্যবস্থা চালু হয়েছে। পুরনো মডেলেও শিগগিরই এটি যুক্ত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত