বিডায় কোরিয়ার রাষ্ট্রদূত

হুন্দাই, এস কে আসতে চায় বাংলাদেশে

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১১:৪৮ পিএম

স্যামসাং, এস কে, হুন্দাইসহ দক্ষিণ কোরিয়ার বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এ জন্য কোম্পানিগুলো থেকে প্রতিনিধিদল তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের নমুনা নিয়ে বাংলাদেশ সফরে আসবে। কোরিয়ার কোম্পানিগুলো যাতে সহজেই বাংলাদেশে বিনিয়োগ করতে পারে, সে জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্র্তৃপক্ষের (বিডা) সহায়তা চেয়েছেন ঢাকায় নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত হু কং-ইল।

গতকাল সোমবার বিডা’র কার্যালয়ে গিয়ে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রদূত। এ সময় কোরিয়ার কোম্পানিগুলোর আগ্রহের কথা জানিয়ে এ বিষয়ে বিডা’র সহায়তা চান তিনি।

রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ কোরিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান স্যামসাং, এস কে, হুন্দাই প্রভৃতি বাংলাদেশে ইলেকট্রনিক্সসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী। এই উদ্দেশে কোরিয়ার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদল বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতির স্যাম্পল বা নমুনা নিয়ে বাংলাদেশে আসবে এবং অন্যান্য বিষয়ে আলাপ করবে। এক্ষেত্রে বিডা’র সহায়তা চাই।

সহায়তার আশ্বাস দিয়ে কাজী মো. আমিনুল ইসলাম বলেন, কোরিয়ান প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি কোরিয়াকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাব দিয়ে বলেন, এজন্য এক হাজার একর জমি সরবরাহ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত