রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গতকাল সোমবার ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় ভয়ানক জলাবদ্ধতা সৃষ্টি হয়। বজ্রপাতে দেশের চার জেলায় প্রাণহানি হয় চারজনের। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ পর্যন্ত এমন ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক।
আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দেশের বেশকিছু জায়গায় বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সীতাকুন্ড্র ৭২ মিলিমিটার। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ মিলিমিটার ঢাকায়, ফেনীতে ৪১ ও কুমিল্লায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক দেশ রূপান্তরকে বলেন, ‘পহেলা বৈশাখ পর্যন্ত এমন ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরপর পরিস্থিতি বদলাতে শুরু করবে।’
জামালপুর প্রতিনিধি জানান, গতকাল সকালে উপজেলার চর পুঁটিমারী ইউনিয়নের টাবুরচর গ্রামে বজ্রপাতে শাহজাহান (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মো. হাবলের ছেলে। ইউনিয়নের চেয়ারম্যান সুরুজ্জামান জানান, ঘাস নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ওই কৃষকের মৃত্যু হয়।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, নিকলীতে জোয়ানশাহী হাওরে পলো দিয়ে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে বিল্লাল মিয়া (৩৫) নামে এক বিদ্যুৎশ্রমিক নিহত হন। বিল্লাল উপজেলার পূর্বগ্রামের আবদুস সোবানের ছেলে।
চাঁদপুর প্রতিনিধি জানান, কচুয়ায় বিলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মোসলেম মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বিতারা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
ময়মনসিংহ সংবাদদাতা জানান, হালুয়াঘাটের খন্দকপাড়া গ্রামে সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে বজ্রপাতে আনোয়ার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
