অস্কারজয়ী সাউন্ড ডিজাইনার রেসুল পোকুটি পরিচালিত প্রথম সিনেমায় অভিনয়ের কথা ছিল অমিতাভ বচ্চনের। শুরুতে ‘হ্যাঁ’ বললেও পরে প্রস্তাবটি ফিরিয়ে দেন এই বলিউড সুপারস্টার।
কারণ হিসেবে জানা যায়, ছবিতে অমিতাভের চরিত্রটি ছিল ইতিবাচক ও পাকিস্তানের নাগরিকের। কিন্তু প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের রাজনৈতিক পরিস্থিতি বৈরী হওয়ায় নিজেকে সরিয়ে নেন বিগ বি।
সিনেমাটির সঙ্গে যুক্ত একটি সূত্র বলিউড হাঙ্গামাকে জানায়, দুই বছর ধরে চিত্রনাট্য নিয়ে রেসুল ও অমিতাভের মধ্যে আলোচনা চলছিল। ‘শোলে’ অভিনেতা গল্পটি পছন্দও করেছিলেন। বিশেষ করে ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে শান্তির বার্তা তাকে আকর্ষণ করেছিল।
অমিতাভের শিডিউলের জন্য অপেক্ষা করছিলেন রেসুল। শিগগিরই দৃশ্যায়নের কথা ভাবছিলেন। শেষ পর্যন্ত তা আর হলো না। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যকার রাজনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ায় সিনেমাটি নিয়ে নতুন করে ভাবতে হয়েছে অভিনেতাকে।
বিশ্লেষকেরা বলছেন, দেশের এমন পরিস্থিতিতে এ ধরনের চরিত্রে অভিনয় করলেন বিতর্কের মুখে পড়তেন অমিতাভ। তাকে দেশবিরোধী বলতে দুইবারও ভাবতেন না অনেকে। এ ছাড়া এই নায়ক কয়েক দশকের দীর্ঘ ক্যারিয়ারে বরাবরই বিতর্ক এড়িয়ে গেছেন।
অমিতাভকে সর্বশেষ দেখা গেছে ‘বদলা’য়। ব্যবসাসফল ছবিটিতে তার সঙ্গে ছিলেন তাপসী পান্নু।
