অসময়েই না ফেরার দেশে চলে গেলেন সাফ গেমসে একাধিক স্বর্ণপদকজয়ী শুটার নাসিরউদ্দিন জনি। গতকাল সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৫২ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
জনি ১৯৯৩ সালে ঢাকা সাফ গেমসে ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনে দলগত ইভেন্টে জি এম হায়দার ও কামরুল ইসলামকে নিয়ে স্বর্ণপদক জয় করেন। এরপর ১৯৯৫ সালে মাদ্রাজ সাফ গেমসেও দুটি স্বর্ণপদক এনে দেন দেশকে। সাফ গেমস ছাড়াও সাফ শুটিংয়েও স্বর্ণপদক জিতেছিলেন তিনি। ১৯৯৯ সালে বাংলাদেশ শুটিং দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের আটলান্টায় গিয়ে আর ফিরে আসেননি তিনি। সেখানেই পাকাপাকি বসবাস শুরু করেন।
