নাইজেরিয়ার আন্তর্জাতিক বাণিজ্যমেলায় শ্রেষ্ঠ বাংলাদেশের স্টল

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০৩:০৫ এএম

দেশের ঐতিহ্য ও বাহারি পণ্য নিয়ে নাইজেরিয়ার কাদুনা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় শ্রেষ্ঠ বিদেশি অংশগ্রহণকারীর পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ হাইকমিশন। নাইজেরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক মেলায় বাংলাদেশ হাইকমিশন প্রথমবারের মতো অংশ নিয়েই এ সম্মান অর্জন করল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মেলার সমাপনী দিনে গত রবিবার (৭ এপ্রিল) ‘শ্রেষ্ঠ বিদেশি অংশগ্রহণকারী’ হিসেবে ক্রেস্ট দেওয়া হয় বাংলাদেশ হাইকমিশনের স্টলকে।

মেলায় বাংলাদেশের স্টলে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির অনেক উপকরণ দিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো হয়। এতে তৈরি পোশাক ও নিটওয়্যার, সিরামিক, ওষুধ, হস্তশিল্প, প্লাস্টিক ও মেলামাইনসামগ্রী, পাট ও চামড়ার তৈরি বিভিন্ন দ্রব্য, সিল্ক ও মসলিনের শাড়ি, জুতা, চা, পাট পাতার চা, বৈদ্যুতিকসামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং, মসলা, আচার, শুকনো খাবার, পার্ল, নকশিকাঁথা ইত্যাদি স্থান পায়।

রপ্তানিপণ্য ছাড়াও বিনিয়োগ, বাণিজ্য, পর্যটন সম্ভাবনা ইত্যাদি বিষয়ে অনেক প্রকাশনা, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার ওপর বিভিন্ন রকমের আকর্ষণীয় ব্যানার ও পোস্টার দিয়ে স্টলটিকে সুসজ্জিত করা হয়। একই সঙ্গে প্রামাণ্যচিত্রের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কাদুনা অঙ্গরাজ্যের ডেপুটি গভর্নর এবং কাদুনা চেম্বারের প্রেসিডেন্টসহ গণ্যমান্য ব্যক্তিরা উদ্বোধনের পর বাংলাদেশ স্টল পরিদর্শন করেন। এ সময় তারা বাংলাদেশের রপ্তানিপণ্যের গুণ ও মানের ভূয়সী প্রশংসা করেন।

নাইজেরিয়ায় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে রপ্তানিযোগ্য পণ্যের সম্ভার নিয়ে শিগগিরই একটি ‘কমার্শিয়াল ডিসপ্লে সেন্টার’ আবুজায় চালু করতে যাচ্ছে বাংলাদেশ হাইকমিশন ।

গত ২৯ মার্চ নাইজেরিয়ার শিল্প, বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক মন্ত্রী ড. ওকেইচুকু এনিআনা এনিলেমা মেলায় ৪০তম বার্ষিক আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার ছাড়াও অন্যান্য দেশের কূটনীতিক এবং স্থানীয় গণমাধ্যম ও বাণিজ্যমেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০ কোটি অধিবাসী অধ্যুষিত নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম অর্থনীতি এবং পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত