টটেনহ্যামের মাঠে হেরে অনিশ্চয়তায় ম্যানসিটি

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ০৯:২৭ এএম

ম্যানচেস্টার সিটিকে শুরুতে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না সের্হিও আগুয়েরো। উল্টো ম্যাচের শেষ দিকে গোল খেয়ে বসে তারা। টটেনহ্যাম হটস্পারের কাছে শেষ আটের প্রথম লেগে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠা নিয়ে অনেকটা অনিশ্চয়তায় পড়ে গেছে পেপ গুয়ার্দিওলার দল।

লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারায় টটেনহ্যাম। ম্যাচের শেষ দিকে একমাত্র গোলটি করেন দলটির দক্ষিণ কোরিয়ান উইঙ্গার সন হিউং-মিন।

এই জয়ে ক্লাব পর্যায়ে ইউরোপ সেরা প্রতিযোগিতাটির সেমি-ফাইনালের পথে কিছুটা হলেও এগিয়ে গেল মাওরিসিও পচেত্তিনোর দল।

নিজেদের নতুন স্টেডিয়ামে এই নিয়ে গত দুই ম্যাচের দুটিতেই জয়োল্লাসে ভাসলো টটেনহ্যাম। আগের ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালসকে ২-০ গোলে হারায় তারা।

দল দখলে সিটির বিপক্ষে বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণে নজরকাড়া ছিল টটেনহ্যাম। শুরু থেকেই আক্রমণে যায় তারা। কিন্তু গোলের দেখা পায়নি।

ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারিং-ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় সিটি। ডি-বক্সে মিডফিল্ডার রাহিম স্টার্লিংয়ের শটে বল লাগে টটেনহ্যাম ডিফেন্ডার ড্যানি রোজের হাতে। কিন্তু মাত্র ১২ গজ দূর থেকে নেওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরোর স্পট কিকটি ঝাঁপিয়ে রুখে দেন স্বাগতিক গোলরক্ষক উগো লরিস। গোলশূন্যতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে এগিয়ে যেতে পারত টটেনহ্যাম। হ্যারি কেইনের পাসে বাঁ দিক থেকে নেওয়া হিউং-মিনের শটটি রুখে দেন সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন মোরায়েস।

৫৮তম মিনিটে বড় ধাক্কা খায় টটেনহ্যাম। বল দখলের লড়াইয়ে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন দলটির আক্রমণভাগের অন্যতম সেরা খেলোয়াড় কেইন।

হঠাৎ আক্রমণে মাত্রা বাড়ায় সিটি। কিন্তু টটেনহ্যামের রক্ষণ ভেদ করতে পারেনি তারা। উল্টো ৭৮তম মিনিটে অতিথিদের হতাশ করে এগিয়ে যায় টটেনহ্যাম। ক্রিস্তিয়ান এরিকসেনের ক্রসে ডি-বক্সে বল পেয়ে যান হিউং-মিন। বেশ কয়েকজনকে পরাস্ত করে কোনাকুনি শটে জালে বল জড়ান ২৬ বছর বয়সী এই খেলোয়াড়।

আগামী বুধবার এমিরেটস স্টেডিয়ামে ফিরতি লেগে মুখোমুখি হবে দল দুটি। সেমি-ফাইনালে উঠতে হলে ওই ম্যাচে কমপক্ষে ২-০ ব্যবধানের জয় পেতে হবে সিটিকে।

একই দিন কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের অপর লড়াইয়ে নিজেদের মাঠে পোর্তোকে ২-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে লিভারপুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত