মাইক্রোসফট থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের জনপ্রিয় ব্যক্তিত্ব সোনিয়া বশির কবির। প্রায় পাঁচ বছর মাইক্রোসফট বাংলাদেশসহ পাঁচটি দেশের দায়িত্ব পালনের পর বিশ্বের শীর্ষ সফটওয়্যার প্রতিষ্ঠান ছাড়লেন তিনি।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পদত্যাগের কথা নিশ্চিত করে জানানো হয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সোনিয়া বশির কবির মাইক্রোসফটের সঙ্গে থেকে দায়িত্ব পালন করবেন।
পদত্যাগের কোনো কারণ এতে উল্লেখ না করে বলা হয়, আপাতত অন্য কোনো আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হচ্ছেন না সোনিয়া বশির কবির।
তবে কিছুদিন তিনি নিজের প্রতিষ্ঠান ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে ‘অ্যাঞ্জেল ইনভেসটর’ হিসেবে বিনিয়োগ করা বিভিন্ন স্টার্টআপগুলোতেই বেশি সময় দেবেন তিনি।
প্রায় পাঁচ বছর মাইক্রোসফট বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ভুটান ও লাওসের দায়িত্ব পালন করেন সোনিয়া কবির।
মাইক্রোসফটে কাজ করার পাশাপাশি সোনিয়া বশির কবির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা পর্ষদের সঙ্গেও জড়িত।
এছাড়া গ্রামীণ জনগোষ্ঠীকে প্রযুক্তি সক্ষম করার উদ্দেশ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন টেক হাবস।
সোনিয়া বশির কবির স্বল্পোন্নত দেশগুলোর জন্য প্রতিষ্ঠিত ইউনাইটেড ন্যাশনস টেকনোলজি ব্যাংকের গভর্নিং কাউন্সিল ভাইস চেয়ারম্যান ও বোর্ড মেম্বার, ইউনেস্কো মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড পিস-এর বোর্ড মেম্বার, ফিনটেক স্টার্টআপ ডি মানি ও স্বাস্থ্য বিষয়ক স্টার্টআপ সিনটেক- এর ভাইস চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা এবং ‘অ্যাঞ্জেল ইনভেসটর’ হিসেবে অনেক স্টার্টআপের সঙ্গেই যুক্ত আছেন।
