শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘দেবদাস’ মুক্তি পায় ২০০২ সালে। ওই সিনেমায় চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেন মাধুরী দীক্ষিত। তাকে জনপ্রিয় বেশ কিছু গানের পারফর্ম করতে দেখা যায়। এর মধ্যে মুজরা ড্যান্স ফর্মের ‘মার ডালা’ এখনো স্মরণীয়।
সম্প্রতি নতুন সিনেমা ‘কলঙ্ক’-এর ‘তাবাহ হো গ্যায়া’ গানটি প্রকাশ হওয়ার পর তুলনা শুরু হয়েছে। বলা হচ্ছে, এ সিনেমার বাহার বেগম চরিত্রটি অনেকটা চন্দ্রমুখীর মতো। অবশ্য সেই গুজব উড়িয়ে দিলেন মাধুরী।
মঙ্গলবার প্রকাশ হয় ‘তাবাহ হো গ্যায়া’। প্রীতমের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছে শ্রেয়া ঘোষাল। এ গানে মাধুরীর পারফর্ম থেকে নজর ফেরানোর সুযোগই নেই একদম।
শুধু গানই নয় মাধুরীর লুক ও সেটের সাজসজ্জা মিলিয়ে ‘দেবদাস’-এর তুলনা করা হচ্ছে। এ প্রসঙ্গে মাধুরী ডিএনএ ইন্ডিয়াকে বলেন, “চন্দ্রমুখীর সঙ্গে বাহার বেগমের কোনো মিল নেই। দুটি চরিত্রই আলাদা, গান দুটিও আলাদা।”
করণ জোহর প্রযোজিত ও অভিষেক বর্মণ পরিচালিত ‘কলঙ্ক’ ছবিটি তৈরি হয়েছে ১৯৪০ এর দশকের ব্রিটিশ ভারতের পটভূমিতে। যেখানে দেবের (আদিত্য রায় কাপুর) দ্বিতীয় স্ত্রীর ভূমিকা রূপ (আলিয়া) এ পর্যায়ে জাফরের (বরুণ ধাওয়ান) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এছাড়া দেবের প্রথম স্ত্রীর ভূমিকায় আছেন সোনাক্ষী সিনহা। মাধুরীর বিপরীতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। ছবিটি মুক্তি পাচ্ছে ১৭ এপ্রিল।
