স্ক্রিপ্ট নিটিং চালুতে সম্মতি বিএসইসির

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১২:৪৯ এএম

বর্তমান পরিস্থিতিতে সার্বিক লেনদেন ও তারল্য সংকট নিরসনে দ্রুত স্ক্রিপ্ট নিটিং চালুর ব্যাপারে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি কার্যালয়ে গত মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), ডিএসই ব্রোকারেস অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং পুঁজিবাজার স্টেকহোল্ডার কো-অপারেটিভ সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন এ সম্মতি দেন।

 বৈঠকে ব্রোকার হাউজের সার্ভিস বুথ চালু, সারা দেশে হাউসগুলোর শাখা খোলার দাবি জানানো হলে বিএসইসির চেয়ারম্যান বিষয়গুলো বিবেচনার আশ্বাস দেন।

গ্রামীণফোনে করারোপের বিষয়ে বিএসইসির চেয়ারম্যান বলেন, আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় সাধনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসইর পরিচালক মিনহাজ ইমন জানান,  অর্থমন্ত্রীর সময়প্রাপ্তি সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে এসএমই বোর্ড উদ্বোধন করা হবে।

এসএমই মার্কেটের লেনদেনের ওপরে দশমিক ০৫ শতাংশ উৎসে কর কর্তনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিএসইসির চেয়ারম্যান ।

বন্ড মার্কেট লেনদেনের ক্ষেত্রে থাকা উৎসে কর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানানো হয়।

বিএমবির প্রেসিডেন্ট নাসির উদ্দিন চৌধুরী বলেন, শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড ট্যাক্স কেটে বিএফটিএনের মাধ্যমে বিও অ্যাকাউন্টে ট্রান্সফার করা হলেও কোনো সার্টিফিকেট দেওয়া হয় না। আইন অনুযায়ী একটি সার্টিফিকেট দিতে অনুরোধ জানালে এ ব্যাপারে সব ইস্যুয়ারকে নির্দেশনা দেওয়ার বিষয়ে বিএসইসির চেয়ারম্যান সম্মতি দেন।

এছাড়াও ডিভিডেন্ড কর বর্তমানে ২৫ হাজার টাকা পর্যন্ত আয়করমুক্ত। এক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে অন্যান্য দেশের প্রেক্ষাপটে ১ লাখ টাকা পর্যন্ত ডিভিডেন্ড আয় করমুক্ত রাখার আবেদন এনবিআর এবং অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত