কৃষকের সুইসাইড নোট বিজেপিকে ভোট নয়

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০৩:৩৮ এএম

ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ চলছে। ভোটের আগেই গত সোমবার দেশটির উত্তরাখ-ের এক কৃষক আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তার লেখা সুইসাইড নোটে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ভোট না দেওয়ার আহ্বান জানান ওই কৃষক। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যা করা ওই কৃষকের নাম ঈশ্বর চন্দ্র শর্মা। ৬৫ বছর বয়সী ওই কৃষক উত্তরাখণ্ডের হরিদর জেলার বাসিন্দা। ঈশ্বর চন্দ্র শর্মার অনেক ঋণের বোঝা ছিল। প্রতিবেদনে তার সুইসাইড নোটটি উদ্ধৃত করা হয়েছে।

গত সোমবার সকালের দিকে তিনি বিষপানে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি ওই সুইসাইড নোটটি লেখেন। মৃত্যুর জন্য বিজেপি সরকারকে দায়ী করে যান তিনি। সুইসাইড নোটে লেখা ছিল, ‘গত পাঁচ বছরে বিজেপি সরকার কৃষকদের ধ্বংস করে দিয়েছে। তাদের আর কোনোভাবেই ভোট দেওয়া যাবে না। তাদের ভোট দিলে তারা সবাইকে চা বিক্রেতা বানিয়ে ছাড়বে।’

স্থানীয় পুলিশ বলছে, ঈশ্বর চন্দ্র শর্মার লেখা ওই সুইসাইড নোটটির সত্যতা যাচাই করা হবে। সেটি হলেই জানা যাবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন। বিজেপিকে মৃত্যুর জন্য দায়ী করার বিষয়টি নিয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি। তবে ঘটনার তদন্ত চলছে বলে জানান তারা।

স্থানীয় বাসিন্দা ও শর্মার পরিবারের মাধ্যমে জানা যায়, তিনি একজন দালালের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। আর তার পরিবর্তে তিনি ওই দালালকে একটা ফাঁকা চেক দেন। ওই দালাল তাকে হুমকি দিতে থাকেন যে, তিনি ব্যাংক থেকে চেকের মাধ্যমে তার জমানো সব টাকা উঠিয়ে নেবেন।

স্টেশন হাউস কর্মকর্তা বীরেন্দর সিং বলেন, ‘প্রাথমিক তদন্ত শেষে আমরা জানতে পেরেছি মৃত কৃষক ব্যাংক থেকে এক দালালের সহযোগিতায় পাঁচ লাখ রুপি ঋণ নেন। সেই টাকা শোধও করেন তিনি। কিন্তু দালাল তার কাছ থেকে ঘটনা ‘মিটমাট’ করার জন্য আরও চার লাখ টাকা চান। নয়তো ব্ল্যাঙ্ক চেক দিয়ে সেই টাকা তুলে নেওয়ার হুমকি দেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত