হাইকোর্টের প্রশ্ন

হাতকড়া পরানোর ক্ষমতা ইউএনওর আছে কি?

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০৩:৪০ এএম

আইনগত কর্তৃত্ব ছাড়াই হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরীকে হাতকড়া পরানোর ঘটনায় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসীমউদ্দিনের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। গতকাল বুধবার ঘটনার ব্যাখ্যা দিতে আদালতে হাজিরা হলে ইউএনওর প্রতি উষ্মা প্রকাশ করে আদালত। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আগামী ২৪ এপ্রিল ইউএনওকে আবারও আদালতে আসার নির্দেশ দেয়। এর আগে গত ১৩ মার্চ এক আদেশে তাকে তলব করেছিল হাইকোর্ট।

শুনানিতে জসীমউদ্দিনের আইনজীবী শফিক মাহবুব আদালতকে এই বলে অবহিত করেন যে, ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। তখন আদালত বলে, ভুল বোঝাবুঝি হলেও প্রকৌশলীকে হাতকড়া পরানোর ক্ষমতা ইউএনওর আছে কি? তিনি তো হাতকড়া পরাতে পারেন না। এ সময় প্রকৌশলীর আইনজীবী সাইফুদ্দিন আহমেদ ইউএনওর শাস্তি দাবি করেন।

আদালত ইউএনওকে উদ্দেশ্য করে বলেন, সরকারের এক বিভাগের কর্মচারীর সঙ্গে আরেক বিভাগের কর্মচারীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে। এর ব্যত্যয় হলে সরকার ক্ষতিগ্রস্ত হবে।

বাহুবল উপজেলা পরিষদের এক অফিস সহকারীকে মারধর করেছেন প্রকৌশলী মহিউদ্দিন চৌধুরীÑ এমন অভিযোগে গত ৬ মার্চ তাকে হাতকড়া পরান ইউএনও জসীমউদ্দিন। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান ওই প্রকৌশলী। এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনা হলে বিষয়টি আমলে নিয়ে হাইকোর্ট ইউএনওকে তলব করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত