দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চাচি-ভাতিজিসহ তিনজন নিহত হয়েছে। নাটোরে নিহত হয়েছে এক নারী ও গরু ব্যবসায়ী। এছাড়া, ট্রাকচাপায় সাতক্ষীরার কলারোয়ায় মোটরসাইকেল আরোহী, পঞ্চগড়ে ইজিবাইক চাপায় শিশু এবং মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকচাপায় নিহত হয়েছে এক নরসুন্দর। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত একুশ জন। প্রতিনিধিদের পাঠানো খবর:
দিনাজপুর : দুই সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে। গতকাল বুধবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গুলাপগঞ্জ বাজার থেকে বীরগঞ্জ আসার পথে জহিরন বেওয়া (৫০) ও জুঁই (৭) নামে এক মহিলা ও শিশু ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় দুজনকে গুরুতর অবস্থায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়েছে। দুপুর দেড়টার দিকে উপজেলার জগদীশপুর গ্রামের কৈকুরী মোড় এলাকার জাফর ওস্তাদের বাড়ির সামনে এই দুর্ঘটনায় আহতরা হলো নিহত জুঁই আক্তারের বোন ও জহিরুল ইসলামের মেয়ে জান্নাতুন আক্তার (৯) ও হযরত আলীর ছেলে সজীব ইসলাম (১৭)। নতুন জামাকাপড় কিনতে মোটরসাইকেলে চড়ে যাওয়ার পথে ট্রাক তাদের চাপা দেয়। নিহত জুঁইয়ের প্রতিবেশী চাচা নুর আলম বলেন, জুঁই এবং জান্নাতুন আক্তারের মা বেশ কিছুদিন আগে পানিতে ডুবে মারা যায়। এরপর থেকে চাচির কাছেই থাকত তারা। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিলা পারভীন জানান, ট্রাকটি আটক করা গেলেও চালককে ধরা যায়নি।
অপরদিকে, গত মঙ্গলবার রাত ১১টার দিকে চিরিরবন্দর উপজেলার মোহনপুর টোলপ্লাজা এলাকায় ফুলবাড়ী থেকে আসা ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে আহত মোস্তাক শাহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বুধবার ভোরে মারা যান। নিহত মোস্তাক উপজেলার আব্দুলপুর গ্রামের চৌধুরীপাড়ার বাসিন্দা ও চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু হোসেন শাহের ছেলে।
নাটোর : পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- নাটোরের বড়াইগ্রামের পার গোপালপুর এলাকার মৃত সুখলাল সরদারের স্ত্রী রাহেলা বেগম এবং সিরাজগঞ্জের ধাপ তিতলী গ্রামের সাবেফ আলীর ছেলে গরু ব্যবসায়ী সাইফত আলী। বুধবার নাটোর সদর ও বড়াইগ্রাম এলাকায় এই দুই দুর্ঘটনা ঘটে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুব রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সাতক্ষীরা : কলারোয়ায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা গেছেন মোটরসাইকেল চালক আলি হোসেন (২৪)। এ ঘটনায় আহত হয়েছে অপর একজন। গতকাল বুধবার দুপুর ১টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা-সোনাবাড়িয়া গ্রাম্য সড়কের হুলহুলিয়া নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। নিহত আলি হোসেন কেরালকাতা ইউনিয়নের সিংগা গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি সিংগা বাজারের কসমেটিকস ব্যবসায়ী ছিলেন। দুর্ঘটনার পর ড্রাইভার-হেলপার ট্রাক রেখে পালিয়ে যায়।
মুন্সীগঞ্জ : ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগরে গতকাল বুধবার সকালে বালুবোঝাই ট্রাকের চাপায় শম্ভু শীল (৬৫) নামে এক নরসুন্দর নিহত হয়েছেন। সকাল ১০টার দিকে শ্রীনগর উপজেলার কেয়টচিরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শম্ভু শীল উপজেলার কাজুরগাঁও এলাকার মৃত বিশ্বনাথ শীলের ছেলে। হাইওয়ে পুলিশ বালুবোঝাই ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান নেয়।
পঞ্চগড় : সদর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় পূর্ণিমা আক্তার নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের আমবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পূর্ণিমা ওই এলাকার সোহেল রানার মেয়ে।
