নারায়ণগঞ্জে নিখোঁজ হওয়ার ১০ দিন পর ঝুট ব্যবসায়ী কামরুজ্জামান ওরফে সেলিম চৌধুরীর (৫২) বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ফতুল্লার ভোলাইল এলাকায় একটি ঝুটের গুদামের মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন দেশ রূপান্তরকে জানান, ফতুল্লার বক্তাবলি কানাইনগর এলাকার বাসিন্দা সেলিম চৌধুরী পরিবার নিয়ে শিবু মার্কেট এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গত ৩১ মার্চ সকালে ব্যবসায়িক কাজের উদ্দেশে বাসা থেকে বের হন তিনি। বেলা ১১টায় স্ত্রী রেখা তার মোবাইল ফোনে কল করলে সেলিম জানান, তিনি পঞ্চবটি ইস্টার্ন ব্যাংকে আছেন। পরে দুপুর ২টায় তার স্ত্রী খাবার খাওয়ার জন্য ফের ফোন করলে সেলিমের মোবাইল বন্ধ পান। স্বামীকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ৬ এপ্রিল ফতুল্লা মডেল থানায় জিডি করেন রেখা। এতে তিনি ভোলাইল এলাকার ঝুট ব্যবসায়ী মোহাম্মদ আলীর কাছে সেলিমের ২ লাখ টাকা পাওনা থাকার কথা উল্লেখ করেন। ওই টাকা ফেরত দিতে মোহাম্মদ আলী টালবাহনা করছিল বলেও জিডিতে রেখা অভিযোগ করেন।
ওসি আসলাম বলেন, ‘জিডি ও অভিযোগের সূত্র ধরে মোবাইল ট্র্যাকিং করে সেলিমের নিখোঁজের সময়কার অবস্থান চিহ্নিত করা হয়। পরে গতকাল (বুধবার) দুপুরে ভোলাইলে মোহাম্মদ আলীর ঝুটের গোডাউনে অভিযান চালিয়ে তার কর্মচারী ফয়সালকে (২৮) আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী মাটি খুঁড়ে সেলিমের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। ৩১ মার্চ রাতেই সেলিমকে হত্যার পর লাশ মাটি খুঁড়ে পুঁতে রাখা হয় বলে জানিয়েছে ফয়সাল।’
