ভোক্তা অধিকার রক্ষায় বাণিজ্য মন্ত্রণালয় আরও কঠোর হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকার গঠিত মনিটরিং টিমগুলো বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে অপরাধীদের জেল-জরিমানা দিচ্ছে। মানুষ যাতে প্রতারিত না হয়, সে জন্য ভোক্তাদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত জেলা প্রতিনিধিদের সম্মেলন ও ভোক্তা অধিকার শক্তিশালীকরণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সচেতনতা বাড়াতে ভোক্তা অধিকার বিষয় পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এটি হলে শিক্ষার্থীরা শিক্ষাজীবন খেবেই ভোক্তা অধিকার সম্পর্কে জানতে পারবে। পরে বাস্তব জীবনে এসে তা কাজে লাগানোর সুযোগ পাবে। তিনি বলেন, সরকার ভোক্তা অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গুরুত্বের সঙ্গে কাজ করছে। ভোক্তাদের সচেতন করতে প্রচার চালানো হচ্ছে। এতে ভালো ফল পাওয়া যাচ্ছে। ক্যাবের কার্যক্রম আরও জোরদার করার পরামর্শও দেন তিনি। টিপু মুনশি বলেন, ‘মানুষ যাতে প্রতারিত না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। নিজের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। ব্যবসায়ী ও ভোক্তা উভয়কেই সচেতন থাকতে হবে। দেশের মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, ক্রয়ক্ষমতা বেড়েছে। ক্রেতা যাতে প্রতারিত না হয়, সে জন্য নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে।’ ক্যাবের সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আহম্মদ একরামুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মফিজুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর এবং নিরাপদ খাদ্য কর্র্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক।
