রোমাঞ্চ ছড়িয়ে সুপার সিক্সে মোহামেডান

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০১:৫৩ এএম

৪৯ ওভারের দুই বল বাকি। মোহামেডানের হাতে তখন ২ উইকেট। বিকেএসপির বিপক্ষে জিততে প্রয়োজন ১১ রান। এই ম্যাচ না জিতলে টানা দ্বিতীয় মৌসুমে সুপার সিক্সের বাইরে থাকতে হবে তাদের। এমন অবস্থায় ১ উইকেট হারাতে হয়। শেষ বল সাকলাইন সজীব ডট দিলেন। এতে শেষ ওভারে মোহামেডানের প্রয়োজন হয় ১১ রান। বিশাল চাপ থাকলেও এই প্রয়োজনীয়তা শ্বাসরুদ্ধকরভাবে মিলিয়ে ফেলেন সজীব। শেষ ওভারের পঞ্চম বলে চার মেরে মোহামেডানকে ১ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দেন। এতে চলতি মৌসুমের সুপার সিক্সও নিশ্চিত হয় মোহামেডানের। আর বিকেএসপি চলে যায় রেলিগেশন লিগে। তারা আগে ব্যাট করে ৭ উইকেটে ২৪৯ রান তোলে। জবাবে ৯ উইকেটে ২৫২ করে ম্যাচ জেতে মোহামেডান। দলের পক্ষে লিটন দাস ৫৩ ও অভিষেক মিত্র ৬৫ রান করেন। সজীবের সঙ্গে শেষ উইকেট জুটিতে দারুণ ভূমিকা ছিল তরুণ পেসার কাজী অনিকের।

এদিকে সাভারে প্রাইম ব্যাংকের ৯ উইকেটে ২০১ রান তুলতে পারেনি গাজী গ্রুপ ক্রিকেটার্স। ১৬৭ রানে অল আউট হয়ে প্রাইম ব্যাংককে ৩৪ রানের জয় উপহার দিয়েছে তারা। আর খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ডাকওয়ার্থ লুইস মেথডে ১৫ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। খেলাঘর আগে ব্যাট করে ১৯০ রান তোলে। জবাবে বৃষ্টি কারণে ম্যাচ বন্ধ হওয়া পর্যন্ত বৃষ্টি আইনে নির্ধারিত ১৫১ রানের টার্গেটের চেয়ে অনেক এগিয়ে ছিল শাইনপুকুর। তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৬৫ রান।

সুপার সিক্সে আবাহনী, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম দোলেশ্বর, প্রাইম ব্যাংক ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সঙ্গী হয়েছে মোহামেডান। তিন দলের রেলিগেশন লিগে বিকেএসপির সঙ্গী উত্তরা ও ব্রাদার্স ইউনিয়ন। এই লিগের সেরা দল টিকে থাকবে প্রিমিয়ার লিগে, অন্য দুই দল নেমে যাবে প্রথম বিভাগে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত