মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানি ও পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষক অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা ও প্রভাষক আফসার উদ্দিনের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) স্থগিত করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমেদ এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন। আদেশে বলা হয়, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানির মামলা (নম্বর-২৪, তারিখ-২৭/০৩ /২০১৯) ও হত্যা মামলায় (নম্বর-১০, তারিখ-০৮/০৪/২০১৯) মাদ্রাসার অধ্যক্ষ এ এস এম সিরাজ-উদ-দৌলা এবং একই মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক আফসার উদ্দিন গ্রেপ্তার হওয়ায় তাদের এমপিও স্থগিত করা হলো।
এ ব্যাপারে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শফিউদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘অধ্যক্ষ ও ইংরেজি বিভাগের প্রভাষকের বিরুদ্ধে শ্লীলতাহানি ও হত্যা মামলা দায়ের এবং তারা গ্রেপ্তার হওয়ায় আইন অনুযায়ী এমপিও স্থগিত করা হয়েছে। ওই দুই শিক্ষকের সব ডেটা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস (ইলেকট্রনিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) সেলে থাকার কারণে মাউশির মহাপরিচালককে চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
