ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির গায়ে আগুন দেওয়ার ঘটনায় করা মামলার আসামিদের আইনি সহায়তা দেওয়ায় কাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী বুলবুল আহাম্মদ সোহাগকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে উপজেলা সভাপতি করিম উল্যাহ বিকম জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি দেশ রূপান্তরকে বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপ ও নুসরাতের খুনিদের আইনি সহায়তা দেওয়ায় তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ওই ইউনিয়নের আবদুর রউফকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এরমধ্যে এই সিদ্ধান্ত বুলবুলকে জানিয়ে দেওয়া হয়েছে।
গত ৬ এপ্রিল ওই মাদ্রাসায় নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। মারাত্মক দগ্ধ নুসরাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান।
স্বজনদের অভিযোগ, ওই দিন সকালে আলিম পরীক্ষা দিতে নুসরাত মাদ্রাসায় গেলে তাকে ছাদে ডেকে নিয়ে বোরকা পরা চার ছাত্রী অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। সে অস্বীকৃতি জানালে তারা রাফির গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও পৌর কাউন্সিলর মুকছুদ আলমসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে ২৭ এপ্রিল ওই ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেন ছাত্রীর মা।
