এসএসসির ফলপ্রত্যাশী দুই বন্ধুসহ সড়কে নিহত ১০

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০৩:০৩ এএম

দেশের বিভিন্ন জেলায় সড়কে ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ সদরে ট্রাক্টরচাপায় যুবক, গাইবান্ধার সুন্দরগঞ্জ ও পাবনার চাটমোহরে ট্রাকের ধাক্কায় দুই নারীসহ তিনজন, সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় দুজন এবং দিনাজপুরের চিরিরবন্দরে ইজিবাইকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়। এদিকে গত বুধবার রাতে মাদারীপুর সদরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়। তারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। এদিন বাগেরহাটের মোল্লাহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহতের খবর পাওয়া গেছে। পৃথক এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর

মাদারীপুর সদর মডেল থানা-পুলিশের এসআই মুরাদ হোসেন জানান, গত বুধবার রাতে শরীয়তপুর থেকে মোটরসাইকেলযোগে মাদারীপুর শহরে যাচ্ছিলেন শরীয়তপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তুলাসার গ্রামের ইউনুস মোল্লার ছেলে দিগন্ত মোল্লা (১৭) ও উত্তর বালুচরা গ্রামের খোকন সরদারের ছেলে সুমন সরদার জুম্মান (১৭)। রাত সাড়ে ১১টার  দিকে মাদারীপুর সদরের মঠেরবাজার এলাকায় দাঁড়িয়ে থাকা রড-বোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মারা যায় দিগন্ত ও জুম্মান। তাদের বন্ধু সজীব ও প্রান্ত জানায়, দিগন্ত দ্রুতগতিতে মোটরসাইকেল চালাত। এজন্য মাঝে মাঝে বাড়িতে বিচার আসত।

মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির জানান, গত বুধবার দুপুরে উপজেলার কাহালপুর এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীরা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাতে সেখানে চিকিৎসাধীন তারক মাঝি (২২) মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) ইদ্রিস আলী জানান, গতকাল সকালে সুন্দরপুর ইউনিয়নের কালীনগরে ট্রাক্টরচাপায় আলিউল ইসলাম (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি কালিনগর মীরের চরা গ্রামের আবদুল করিমের ছেলে। এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ওসি আবদুস সোবহান জানান, গতকাল উপজেলার শোভাগঞ্জ বাজারে ট্রাকে ধাক্কা লেগে আজাদুল ইসলাম (২২) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের চান মিয়ার ছেলে।

চাটমোহর থানার ওসি শেখ নাসির উদ্দিন জানান, গতকাল বিকেল ৪টার দিকে পাবনা-চাটমোহর মহাসড়কের শিমুলতলা এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় দুই অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। তারা হলেন পাবনা সদর উপজেলার বাংলাবাজার এলাকার হাসিনা খাতুন (৪৫) ও লস্করপুর গ্রামের ফিরোজা খাতুন (৪৮)। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়। চালক পালালেও হেলপারকে আটক করা হয়েছে।

সীতাকুণ্ডের ঘটনায় বার আউলিয়া হাইওয়ে থানাপুলিশ জানান, সকাল ১০টার দিকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার বগুলা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী নাসির উদ্দিনকে (৪৮) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি ওই এলাকার মৃত আমিনুল হকের ছেলে। দুপুরে কুমিরা এলাকায় একটি বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দিলে সাতজন আহত হয়। আহতদের মধ্যে আবদুল মান্নানকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর দুর্ঘটনায় হানিফ পরিবহনের একটি বাস বাঁশবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ছয়জন আহত হয়।

চিরিরবন্দর থানার ওসি হারেসুল ইসলাম জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে উপজেলার এভারগ্রিন কমিউনিটি ক্লিনিকে অসুস্থ স্ত্রীকে দেখতে যাওয়ার সময় ঘুঘুরাতলী মোড়ে ইজিবাইকের ধাক্কায় সমশের আলী (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার ঈসবপুর ইউনিয়নের দগরবাড়ী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত