দর্শকের মুখোমুখি হচ্ছেন বরেণ্য অভিনেতা ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। নিজের জীবন ও অভিনয়ের অভিজ্ঞতার ঝাঁপি খুলে দেবেন তাদের সামনে। আর এ আয়োজনে অংশ নেওয়া যাবে দর্শনীর বিনিময়ে।
আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের আয়োজনে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের শিরোনাম ‘এক বক্তার বৈঠক’। থিয়েটার স্কুলের অধ্যক্ষ রামেন্দু মজুমদার দেশ রূপান্তরকে জানান, শুক্রবার নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠানটি হবে।
এই আয়োজনে অংশ নিতে দর্শকদের টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের মূল্য ৫০ টাকা। আয়োজনটিতে সহযোগিতা করছে নাট্যসংগঠন ‘থিয়েটার’।
রাজনীতিতে সক্রিয় হওয়ার পর নূরকে অভিনয়ে খুব কমই দেখা গেছে। ২০১৮ সালের অক্টোবরে ‘গ্যালিলিও’ নাটকের মাধ্যমে দুই দশক পর মঞ্চে ফেরেন তিনি। ওই সময় জানান, রাজনৈতিক ব্যস্ততার কারণে অভিনয়ে সময় দিতে পারেননি। এবার থেকে নিয়মিত হবেন। এর আগের বছর অভিনয় করেন নুহাশ হুমায়ূনের টিভি নাটকে।
হুমায়ূন আহমেদের আইকনিক চরিত্রে বাকের ভাই-এ রূপদানকারী আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসন থেকে ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি।
