ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে মে মাসের ৩০ তারিখ। মাত্র সাত সপ্তাহ বাকি বিশ্বকাপের। তার আগে কোচ রিচার্ড পাইবাসকে বরখাস্ত করল উইন্ডিজ ক্রিকেট বোর্ড। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ফ্লয়েড রেইফারকে দায়িত্ব দেওয়া হয়েছে দলের। কোচের সঙ্গে নির্বাচক প্যানেলেও পরিবর্তন এনেছেন নতুন বোর্ডপ্রধান রিকি স্কেরিট।
কিছুদিন আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে উইন্ডিজরা। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ২-২-এ ড্র করে তারা। এর আগে ২০০৯ সালে বাংলাদেশ দলের উইন্ডিজ সফরের সময় যখন নিয়মিত ক্রিকেটাররা বিদ্রোহ করেছিল তখন পূর্ণাঙ্গ সিরিজে অধিনায়কত্ব করেছিলেন রেইফার। জাতীয় দলে তার ক্যারিয়ার খুব অল্প সময়ের। ক্যারিবিয়ানদের হয়ে মাত্র ছয়টি টেস্ট, আটটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেন তিনি। গত বছর উইন্ডিজ ‘এ’ দলের দায়িত্ব পালন করেন ৪৬ বছর বয়সী রেইফার।
