ধোনির জরিমানা

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০১:২৯ এএম

ঠিক আগের বলেই আউট হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর ১৯.৪ ওভারে বেন স্টোকসের বল বুকসমান উচ্চতায় মিচেল স্যান্টনারের দিকে ধেয়ে এলো। নো বলের আবেদন করলেন স্যান্টনার। কিন্তু মাঠের আম্পায়ার সেই আবেদনে কান দিলেন না। আলোচনার জন্য ধোনি ছুটে এলেন মাঠে। তাকে আম্পায়ারের সঙ্গে তর্ক করতেও দেখা গেল। মেজাজও হারালেন। ফলে তাকে শাস্তিও পেতে হচ্ছে। বৃহস্পতিবার জয়পুরের মানসিং স্টেডিয়ামের ঘটনার জন্য ধোনিকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইপিএলের নিয়ম অনুসারে ‘লেভেল-২’ অপরাধ করেছেন ধোনি। আম্পায়ারের সঙ্গে তর্কের সমালোচনা করেছেন সঞ্জয় মাঞ্জেরেকারের মতো সাবেক ক্রিকেটার। ধোনির আচরণ নিয়ে বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমি সবসময় ধোনির ভক্ত। কিন্তু ম্যাচে সে যা করেছে তা নিয়মবিরুদ্ধ। ওর ভাগ্য ভালো যে সামান্য জরিমানা গুনতে হয়েছে।’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে ধোনি রসিকতা করে বলেন, ‘পুরস্কার নিতে আসার সময় আমি ভাবছিলাম, এবার হয়তো আমাকে মাঠের আম্পায়ারের সঙ্গে কী কথা হয়েছে তা নিয়ে সঞ্চালকরা প্রশ্ন করবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত