নুসরাত হত্যাকান্ড

গাফিলতি পেলে ওসিকে ছাড় নয় : আইজিপি

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০৩:০১ এএম

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে অধ্যক্ষের যৌন নিপীড়নের পর কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় ফেনীর সোনাগাজী মডেল থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেনের গাফিলতির প্রমাণ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল শুক্রবার রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ওসির গাফিলতির কোনো প্রমাণ মিললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তদন্তে পুলিশের অন্য কারও নাম আসলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে জানিয়ে আইজিপি বলেন, তাদের প্রতিবেদন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত প্রধান আসামিসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতকদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এর আগে মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সন্তান যাতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো অপরাধে জড়িয়ে পড়তে না পারে সেদিকে লক্ষ রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের পরিচালক সৈয়দ মনিরুল ইসলাম।

পুলিশপ্রধান জাবেদ পাটোয়ারী বলেন, সন্তান নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধ সম্পর্কে শিক্ষা পরিবার থেকেই গ্রহণ করে। তাই তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরাই আগামীর বাংলাদেশ। বাংলাদেশকে জানতে হলে এর অভ্যুদয়ের সঠিক ইতিহাস জানতে হবে। লেখাপড়ার পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখার জন্য খেলাধুলায় অংশ নিতে হবে।’ শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজকে রাজধানীর একটি অন্যতম বিদ্যাপীঠ আখ্যায়িত করে আইজিপি বলেন, এ প্রতিষ্ঠানটি ১৯৭১ সালে স্থাপিত হয়েছে। তাই মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানটির প্রতিটি হাউসের নামকরণ করা হয়েছে শহীদ পুলিশ সদস্যদের নামে।

অনুষ্ঠানে আইজিপি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত