হিলি স্থলবন্দরে পেঁয়াজের মূল্যবৃদ্ধি

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০৩:১১ এএম

আমদানি কমে যাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি তিন টাকা করে। এক সপ্তাহ আগে পেঁয়াজ ১০-১১ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে বেড়ে তা সর্বোচ্চ ১৪ টাকায় বিক্রি হচ্ছে। তবে আসন্ন রমজানে পেঁয়াজের দাম খুব একটা বাড়বে না বলে দাবি করেছেন বন্দরের ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা যায়, আগে বন্দর দিয়ে ভারত থেকে ৩৫-৪০ ট্রাক পেঁয়াজ আমদানি করা হলেও বর্তমানে চাহিদা কিছুটা কমার কারণে ১৫-২০ ট্রাক করে আমদানি হচ্ছে। বর্তমানে বন্দর দিয়ে নাসিক, নগর, ইন্দোর ও সুখসাগর জাতের পেঁয়াজ আমদানি করা হচ্ছে। আমদানিকৃত এসব পেঁয়াজের মধ্যে ইন্দোর জাতের পেঁয়াজ ১০-১১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর নাসিক জাতের পেঁয়াজ ১৩ এবং নগর জাতের পেঁয়াজ ১৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এসব জাতের পেঁয়াজ প্রকারভেদে ১০-১১ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। বাংলাহিলি বাজার ঘুরে দেখা যায়, আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ খুচরাতে প্রকারভেদে ১০ থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশীয় পেঁয়াজ ২২ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সপ্তাহ আগে পেঁয়াজ দুই থেকে তিন টাকা কম দামে বিক্রি হয়েছিল।

হিলি স্থলবন্দরের পেঁয়াজের আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, ‘গত সপ্তাহে পাবনা, মেহেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে দেশীয় জাতের পেঁয়াজ ওঠার ফলে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ পূর্বের তুলনায় বেড়ে গিয়েছিল। এতে করে দেশের বাজারে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে যায়। এ অবস্থায় ভারত থেকে বেশি দামে পেঁয়াজ কিনে কম দামে বিক্রি করার কারণে লোকসান হয়। ফলে পেঁয়াজের আমদানি কমিয়ে দিয়েছেন আমদানিকারকরা। বর্তমানে আবারও দেশের বাজারে বিশেষ করে মেহেরপুর অঞ্চলের কম দামের যে দেশীয় পেঁয়াজের সরবরাহ ছিল, সেটি কমে এসেছে। এ কারণে দেশের বাজারে সরবরাহের তুলনায় ভারতীয় পেঁয়াজের চাহিদা বেড়ে যাওয়ায় দাম খানিকটা বেড়েছে।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া ভারতের বাজারেও পেঁয়াজের দাম কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে। এর ফলেও দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে।’

এই ব্যবসায়ী জানান, চলতি মৌসুমে ভারত ও বাংলাদেশে পেঁয়াজের উৎপাদন পর্যাপ্ত পরিমাণে হওয়ায় রমজানে দাম খুব একটা বাড়বে না। কেজিতে সর্বোচ্চ দুই থেকে তিন টাকা করে বাড়তে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত