মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে পাড়ি জমান সোনাগাজির মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি। নুসরাতের মৃত্যুতে সারাদেশে নেমে এসেছে শোক। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে সর্বস্তরের মানুষ। এদিকে নুসরাত হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি মানববন্ধনের আয়োজন করে। শনিবার সকাল পৌনে ১২টার দিকে এফডিসির গেটে দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে দাঁড়িয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘সুষ্ঠু তদন্ত শেষে হত্যাকারীদের দ্রুত শাস্তি দাবি করছি আমরা। অপরাধীদের বিচার না হলে অপরাধ বাড়তেই থাকবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, রিয়াজ, চিত্রনায়িকা অঞ্জনা, মৌমিতা মৌ, প্রযোজক খোরশেদ আলম খসরু, কন্ঠশিল্পী রবি চৌধুরী, দিনাত জাহান মুন্নী, অভিনেত্রী সারা যাকের, নির্মাতা ও অভিনেত্রী রোকেয়া প্রাচী, নির্মাতা চয়নিকা চৌধুরী, পরিচালক মোস্তাফিজুর রহমাস মানিক, আলীরাজ, শহীদুল আলম সাচ্চু, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, বদিউল আলম খোকন, শাহীন সুমন, শাহ মো: সংগ্রাম, হাবিবুল ইসলাম হাবিব, কচি খন্দকার, বুলবুল বিশ্বাসসহ আরও অনেকে।

উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার রাতে মারা যান ফেরার দেশে চলে যান সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিরাজ উদ দৌলা নুসরাতকে তার কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন- এমন অভিযোগে গত ২৭ মার্চ অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করেন নুসরাতের মা শিরিন আক্তার।

এ ঘটনায় সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করা হয়। এরপর গত শনিবার আলিম পরীক্ষায় অংশ নিতে ফেনীর সোনাগাজী উপজেলার সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গেলে দুর্বৃত্তরা ওই ছাত্রীকে ছাদে ডেকে নিয়ে যায়। এরপর ওই মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে তার দেওয়া শ্লীলতাহানির অভিযোগ তুলে নিতে বলে। সে রাজি না হলে দুর্বৃত্তরা তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
