অবশেষে জয়ের দেখা পেল কোহলির বেঙ্গালুরু

আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ১২:৩৩ এএম

রান পেলেন বিরাট কোহলি। ঝড় তুললেন এবি ডি ভিলিয়ার্স। এই দুই তারকার ফিফটিতে আইপিএলে সপ্তম ম্যাচে এসে জয়ের দেখা পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর অপরাজিত ৯৯ রানের ইনিংস খেলে কিংস ইলেভেন পাঞ্জাবকে ভালো পুঁজি এনে দিয়েও পরাজিত দলে রয়ে গেলেন ক্রিস গেইল।

শনিবার আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নেয় বেঙ্গালুরু। আগের ছয় ম্যাচে ছয়টিতেই হেরেছিল দলটি। পাঞ্জাব অষ্টম ম্যাচে পেল চতুর্থ হারের স্বাদ।

মোহালিতে টস হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৩ রান করে পাঞ্জাব। জবাব দিতে নেমে কোহলি ও পার্থিব প্যাটেল দারুণ শুরু করেন। প্যাটেল অবশ্য ১৯ রান করে ফিরে যান।

তবে কোহলি ও তিনে নামা ডি ভিলিয়ার্স গড়লেন ৮৫ রানের জুটি। তাতেই দলটি জয় নিশ্চিত করে ফেলে অনেকটা। কোহলি ৫৩ বলে ৮ চারে ৬৭ রান করে ফেরেন।

ডি ভিলিয়ার্স দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ৩৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৯ রানে অপরাজিত ছিলেন তিনি। তার সঙ্গে মার্ক স্টয়নিস অপরাজিত ছিলেন ২৮ রানে।

এর আগে পাঞ্জাবের হয়ে এক প্রান্তে ছিল গেইল তাণ্ডব। অন্য প্রান্তে তাকে খুব বেশি সহায়তা করতে পারল না কেউ। লোকেশ রাহুলের সঙ্গে ৬৬ রানের উদ্বোধনী জুটি হয় তার। রাহুলের যেখানে অবদান ১৮। গেইল মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন। ৬৪ বলে ১০ ছক্কা ও ৫ চারে ৯৯ রানের অপরাজিত ইনিংসটি খেলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব। ম্যাচসেরা হয়েছে ডি ভিলিয়ার্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত