বাঙালির সর্বজনীন বর্ষবরণ উৎসব পহেলা বৈশাখ উদযাপনে আজ বাদ সাধতে পারে বিরূপ প্রকৃতি। দিনের শুরুটা ভালো কাটলেও দুপুরের পর ঝড়-বৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক দেশ রূপান্তরকে বলেন, ‘সকালের দিকে আবহাওয়া ভালো থাকবে। তবে দুপুরের পর থেকে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। সারা দেশেই এমন সম্ভাবনা।’
পহেলা বৈশাখের বড় আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা সকালের দিকে অনুষ্ঠিত হওয়ায় ঝড়-বৃষ্টিতে পড়ার আশঙ্কা কম। তবে বিকেলের দিকে বিভিন্ন দর্শনীয় স্থানে মানুষের ভিড় অনেকটাই কমিয়ে দিতে পারে ঝড়-বৃষ্টির বাগড়া।
এদিকে দু’দিন বিরতির পর গতকাল বৃহস্পতিবার বিকেলে ফের বৃষ্টি হয়েছে রাজধানীতে। আবহাওয়া অধিদপ্তর জানায়, বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত ঢাকায় ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিন ঢাকা বিভাগের আরও কয়েকটি জায়গায় বৃষ্টি হয়। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ৫৬ মিলিমিটার। এছাড়া রাজশাহী ও খুলনার কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হয়েছে।
গতকাল সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে দেশের বেশ কিছু জায়গায় ঝড়-বৃষ্টির আশঙ্কার কথা বলা হয়েছে। এর মধ্যে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গা রয়েছে।
